প্রথম ম্যাচের পর তীব্র সমালোচনার মধ্যে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো ঘুরে দাঁড়িয়েছেন দ্বিতীয় ম্যাচেই। গতকাল উজবেকিস্তানের বিপক্ষে করেছেন জোড়া গোল। তবে ক্যামেরার সামনে বলা তাঁর ‘আই অ্যাম ব্যাক’ (আমি ফিরে এসেছি) কথাটির সঙ্গে একমত নন জ্লাতান ইব্রাহিমোভিচ। সাবেক সুইডিশ তারকার মতে, ফিরে আসার ঘোষণা দেওয়ার প্রয়োজন ছিল না রোনালদোর।

উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলে জয়ের পর রোনালদোকে ‘আই অ্যাম ব্যাক’ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। জবাবে তিনি বলেন, ‘যাতে মানুষ ভুলে না যায়’।

পর্তুগাল-উজবেকিস্তান ম্যাচের পর ফক্স স্পোর্টসের আলোচনায় দুটি বিষয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন ইব্রাহিমোভিচ। একটি পর্তুগালের বড় জয়, অন্যটি রোনালদোর মন্তব্য। সুইডেনের হয়ে ৬২টি গোল করা ইব্রার মতে পর্তুগালের বড় জয় প্রত্যাশিতই ছিল, ‘এটা গোল করারই ম্যাচ ছিল। এটা ছিল এমন এক ম্যাচ, যেখানে পর্তুগালের অনেক গোল করার কথা।’

কেন ‘এই ম্যাচেই’ অনেক গোল হবে, ইব্রা সেই ব্যাখ্যা না দিলেও মনে করা হচ্ছে প্রতিপক্ষই মূল কারণ। উজবেকিস্তান এবারই প্রথম বিশ্বকাপে নাম লিখিয়েছে। মধ্য এশিয়ার দেশটি আগের ম্যাচে কলম্বিয়ার কাছেও ৩-১ গোলে হেরেছিল।ইব্রা মনে করেন, জোড়া গোলের পর রোনালদোর ‘ফিরে আসার’ ঘোষণাও খুব একটা অর্থবহ নয়, ‘ওর বার্তার কথা যদি বলি, আমি তো ভাবিনি সে কোথাও (হারিয়ে) গিয়েছিল। জানি না কেন সে বলল, “আমি ফিরে এসেছি।”’

তবে সমালোচনা কিংবা খোঁচা—যেভাবেই দেখা হোক না কেন, উজবেকিস্তান ম্যাচ রোনালদোর আত্মবিশ্বাস বাড়িয়েছে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এখন বিশ্বকাপ ইতিহাসে ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার। একই সঙ্গে লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোল করা খেলোয়াড়ও।