সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির বিষয়ে নতুন পদ্ধতি চালু করছে সরকার। উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় কমিটির মাধ্যমে এ বদলির কাজটি হবে। কমিটি কাদের দিয়ে হবে এবং কাজ কী হবে, তা জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
জাতীয় কমিটির সভাপতি হবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব। এতে সদস্য হিসেবে থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্যসচিব হবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখার অতিরিক্ত সচিব। এ কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা আহ্বান করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই করে নিষ্পত্তির ব্যবস্থা নেবে। যেসব বিদ্যালয়ে শিক্ষকেরা এর আগে প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশপ্রাপ্ত হয়েছেন সেসব বিদ্যালয়ে শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন করতে হবে। এ ছাড়া আন্তবিভাগে অথবা আন্তসিটি করপোরেশনের ক্ষেত্রে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই–বাছাই করে কমিটির অনুমোদন সাপেক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) বদলির আদেশ জারির ব্যবস্থা নেবেন।
বিভাগীয় পর্যায়ের কমিটির সভাপতি হবেন বিভাগীয় কমিশনার। এ কমিটিতে সদস্য হবেন বিভাগীয় উপপরিচালক (মাধ্যমিক ও উচ্চশিক্ষা), দুজন গণ্যমান্য ব্যক্তি (সভাপতি মনোনীত) এবং সদস্যসচিব হবেন প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপপরিচালক।
এ কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা আহ্বান করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই করে নিষ্পত্তির ব্যবস্থা নেবে এবং সভার কার্যবিবরণীসহ বিস্তারিত প্রতিবেদন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাবে। যেসব বিদ্যালয়ে শিক্ষকেরা এর আগে প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশপ্রাপ্ত হয়েছেন, সেসব বিদ্যালয়ে শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন করতে হবে। একই বিভাগের মধ্যে (সিটি করপোরেশনের ব্যতীত) সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই–বাছাই করে বিভাগীয় কমিটির অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক বদলির আদেশ জারির ব্যবস্থা নেবেন।
জেলা পর্যায়ের কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক। সদস্য হবেন জেলা শিক্ষা কর্মকর্তা, দুজন গণ্যমান্য ব্যক্তি (সভাপতি মনোনীত) এবং সদস্যসচিব হবেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এই কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা আহ্বান করে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই করে নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করবে। নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের লটারির মাধ্যমে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করবে। আর বদলিতে যেসব বিদ্যালয়ে শিক্ষকেরা আগে প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশপ্রাপ্ত হয়েছেন, সেসব বিদ্যালয়ে শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন করতে হবে। একই জেলার মধ্যে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই–বাছাই করে জেলা কমিটির অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদলির আদেশ জারির ব্যবস্থা নেবেন।
এ ছাড়া উপজেলা বা থানা পর্যায়ের কমিটির সভাপতি হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ কমিটির সদস্যরা হবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, দুজন গণ্যমান্য ব্যক্তি (সভাপতি মনোনীত) এবং সদস্যসচিব হবেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
এই কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা আহ্বান করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই করে নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করবে। যেসব বিদ্যালয়ে শিক্ষকেরা প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশপ্রাপ্ত হয়েছেন, সেসব বিদ্যালয়ে শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন করতে হবে। এ ছাড়া একই উপজেলা বা থানার মধ্যে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই–বাছাই করে উপজেলা বা থানা কমিটির অনুমোদন সাপেক্ষে উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদলির আদেশ জারির ব্যবস্থা নেবেন।






