এবারের বিশ্বকাপে ‘হাইড্রেশন ব্রেক’ নামে নতুন এক বিরতি চালু করেছে ফিফা। দুই অর্ধে দুবার ম্যাচ থামিয়ে দেওয়া হয় পানি খাওয়ার বিরতি। ফিফার নতুন এই নিয়ম নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে বেশ। কেউ মনে করছেন, এতে খেলার স্বাভাবিক গতি নষ্ট হয়ে যাচ্ছে। আবার কেউ মনে করছেন, এতে খেলায় প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে।
এবার এই নিয়মের সমালোচনা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই কোচ মনে করছেন, হাইড্রেশন ব্রেকের কারণে ম্যাচ এখন দুই ভাগের জায়গায় চার ভাগে বিভক্ত হয়ে পড়ছে, যা অনেক ক্ষেত্রে দুর্বল দলগুলোকে কৌশলগত পরিবর্তনের বাড়তি সুবিধা দিচ্ছে।
.আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘বিশ্বকাপের গ্রুপ পর্বে কখনোই কোনো ম্যাচ সহজ হয় না। এবার ৪৮ দলের বিশ্বকাপ ফরম্যাট আর অতিরিক্ত গরমের কারণে পরিস্থিতি আরও কঠিন। সঙ্গে যোগ হয়েছে হাইড্রেশন ব্রেক। বারবার খেলা থেমে যাচ্ছে, এতে দুর্বল দলগুলো নিজেদের গুছিয়ে নেওয়ার এবং ভুলত্রুটি শুধরে নেওয়ার বাড়তি সময় পাচ্ছে। এটি আসলে খেলার সময় বাড়ানোর জন্য করা হয়েছে। কিন্তু এই নিয়ম ম্যাচটিকে ভাগ করে দিচ্ছে।’
.বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্কালোনি আরও বলেন, ‘খেলাটি এখন চার ভাগে বিভক্ত। ওই ২২ মিনিটে যা ঘটে, তার ওপর ভিত্তি করে আমার মাথায় থাকা সব পরিকল্পনা বদলে যেতে পারে। তবে আমি শুধু দুর্বল দলের সুবিধার কথা বলছি না, আক্রমণাত্মক দলগুলোও এর মাধ্যমে নিজেদের কৌশল ঠিক করে নিতে পারে। নিয়মটি নতুন হওয়ায় মানিয়ে নিতে একটু অদ্ভুত লাগছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি স্বাভাবিক হয়ে যাবে।’
.এবারের বিশ্বকাপে কেন এত বেশি গোল হচ্ছে.মেক্সিকো-যুক্তরাস্ট্র-কানাডা বিশ্বকাপে অতিরিক্ত গরমে যাতে কোনো খেলোয়াড় অসুস্থ না হয়ে পড়েন, তাই দুই অর্ধের মাঝখানে ছোট্ট একটা বিরতি নিয়ে হাজির হয়েছে ফিফা। যদিও ওই সময়ে বিজ্ঞাপন চালিয়ে বাণিজ্যিক লাভ করার মূল লক্ষ্য বলে অভিযোগ অনেকের।
গ্যালারির দর্শকও এই বিরতি খুব ভালোভাবে নিচ্ছেন বলে আভাস নেই। বিশেষ করে যেসব ভেন্যুর আবহাওয়া তুলনামূলক শীতল, সেখানে খেলা থামিয়ে এই বিরতি দেওয়ায় গ্যালারি থেকে দর্শকদের ক্ষোভ ও দুয়ো ধ্বনি দিতে দেখা গেছে।
আর্জেন্টিনা আজ অস্ট্রিয়ার বিপক্ষে নামবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
.বিস্ময়ের অপর নাম কেপ ভার্দে, টের পেল উরুগুয়েও





