নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলামের (মান্নান) ছেলে জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলামকে (সজীব) আটক করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় খাইরুলকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাঁকে বিকেল পাঁচটার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। তাঁর বাবা আজহারুল ইসলাম সোনারগাঁ থানা বিএনপির সভাপতি।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী মুক্তকণ্ঠকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে খাইরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ডিএমপির কাছে হস্তান্তর করা হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলতে রাজী হননি এই পুলিশ কর্মকর্তা।