শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা তৈরি করতে দেশের বিভিন্ন ব্যাংক স্কুল ব্যাংকিং কর্মসূচি চালু করেছে। ইসলামী ব্যাংক, ডাচ্‌–বাংলা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, জনতা ব্যাংকসহ অন্যান্য ব্যাংকে শিক্ষার্থীদের জন্য ব্যাংকিংয়ের সুবিধা আছে।

শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে চায় সরকার। অল্প বয়সে সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠলে ভবিষ্যতে অর্থ ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ে। তাই সন্তানকে ছোটবেলা থেকেই সঞ্চয়ে আগ্রহী করতে স্কুল ব্যাংকিং হতে পারে কার্যকর একটি উদ্যোগ।

বর্তমানে দেশে অর্ধকোটি শিক্ষার্থীর ব্যাংক হিসাব রয়েছে। অনেক শিক্ষার্থীর ব্যাংক হিসাবে সরকারি–বেসরকারি বৃত্তির টাকা যায়।

.

স্কুল ব্যাংকিং কী

স্কুল ব্যাংকিং হলো শিক্ষার্থীদের জন্য বিশেষ ধরনের সঞ্চয়ী হিসাব। সাধারণত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এ হিসাব খুলতে পারে। বেশির ভাগ ব্যাংকে কম টাকা জমা দিয়েই এ হিসাব চালু করা যায়।

এবার দেখা যাক, এ ধরনের ব্যাংক হিসাব খুলতে কী কী সুবিধা পাওয়া যায়, হিসাব খুলতে কী লাগে। তিন থেকে সাত দিনের মধ্যে ব্যাংক হিসাব খোলা যায়।

.

কী কী সুবিধা পাওয়া যায়

১. অল্প বয়সেই সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠে।

২. শিক্ষার্থীরা ব্যাংকিং সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করে।

৩. তুলনামূলক কম মাশুলে হিসাব পরিচালনার সুযোগ দেয়।

৪. ডেবিট কার্ড, এসএমএস সেবা ও অনলাইন ব্যাংকিংয়ের সুবিধাও পাওয়া যায়।

৫. ভবিষ্যতে উচ্চশিক্ষা বা অন্য প্রয়োজনের জন্য অর্থ জমাতে সহায়তা করে।

.

হিসাব খুলতে যা লাগে

১. শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ লাগবে। এর মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়।

২. শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র বা প্রত্যয়নপত্র লাগে। এতে শিক্ষার্থী কি না, তা যাচাই–বাছাই করা হয়।

৩. শিক্ষার্থী ও অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি লাগবে।

৪. অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে।

৫. নমিনি–সংক্রান্ত তথ্য দিতে হবে।

.

যা জানতে হবে

১. কোন ব্যাংকে কত টাকা দিয়ে হিসাব খোলা যায়, তা আগে জেনে নিন।

২. ন্যূনতম জমার পরিমাণ ও সেবার মাশুল সম্পর্কে খোঁজ নিন।

৩. প্রতি মাসে কত টাকা পর্যন্ত তোলা যায়, তা জেনে নিন। যেমন ব্র্যাক ব্যাংকে এ ধরনের হিসাব খোলা হলে প্রতি মাসে সর্বোচ্চ দুই হাজার টাকা তোলা যায়। আর শিক্ষার্থী হিসাবধারীর ১৮ বছর হওয়ার আগপর্যন্ত পুরো টাকা তুলতে পারবেন না।

৪. মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের সুবিধা আছে কি না, জেনে নিন।

৫. শিক্ষার্থীর নামে জমা অর্থের ব্যবহার সম্পর্কে সচেতন থাকুন।

৩ হাজার কোটি টাকার আমানত

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশে কাজ করা ৬১টি ব্যাংকের মধ্যে ৫৯টি ব্যাংকই বর্তমানে ‘স্টুডেন্ট ব্যাংকিং’ সেবা দিচ্ছে। সবশেষ জানুয়ারি–মার্চ প্রান্তিক শেষে শিক্ষার্থী ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬২ লাখ ৭৩ হাজার। এসব হিসাবে শিক্ষার্থীদের জমানো মোট আমানতের পরিমাণ ২ হাজার ৯১০ কোটি টাকা।