পরিবারে সচ্ছলতা ফেরাতে মাস দেড়েক আগে রাশিয়ায় পাড়ি জমান জামালপুর সদর উপজেলার মো. আরমান আলী (৩০)। ধারদেনা করে প্রায় ১০ লাখ টাকা দিয়ে একটি এজেন্সির মাধ্যমে তিনি রাশিয়া যান। কথা ছিল কোনো কোম্পানির কিংবা নির্মাণশ্রমিকের কাজ পাবেন। কিন্তু দালাল তাঁকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য দেশটির সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয়। এরপর প্রাণহানির শঙ্কা নিয়ে যুদ্ধশিবিরে দিন পার করছেন আরমান। ইতিমধ্যে যুদ্ধে আহতও হয়েছেন তিনি। এখন যুদ্ধশিবির থেকে দেশে ফেরার আকুতি জানিয়েছেন তিনি।
আরমান আলী জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের গোদাশিমলা এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। বাড়িতে পাঁচ মাস বয়সী এক সন্তান ও স্ত্রী আছে। গত ৭ মে আরমান রাশিয়ায় যান। এর পর থেকে তিনি রুশ সেনাবাহিনীর হেফাজতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছেন।
গতকাল শুক্রবার বিকেলে আরমানের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের চোখেমুখে উৎকণ্ঠা। তাঁদের মুখে হাসি নেই। এখন শুধুই দুশ্চিন্তা। আরমানের যুদ্ধশিবিরে আটকা পড়ার খবরে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে ভিড় করছেন। সবার মধ্যে দীর্ঘশ্বাস। আরমানের পাঁচ মাস বয়সী শিশুটি দোলনায় দোল খাচ্ছিল। যুদ্ধশিবির থেকে তার বাবা ফিরতে পারবেন কি না, সে জানেও না।
টিনশেড ঘরের দরজায় বসে কাঁদছিলেন আরমানের মা রেখা বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘বিদেশে গিয়ে সংসারের অভাব দূর করতে চেয়েছিল আরমান। কিন্তু এখন প্রতিদিনই আমরা অপেক্ষা করি, ছেলের একটি ফোনকলের জন্য। কই আমার বাবার ফোন তো আসে না। আমার বাবাকে ফেরত চাই।’
পরিবারের সদস্যদের ভাষ্য, রাশিয়ায় যাওয়ার পর আরমানের সঙ্গে প্রথমে যোগাযোগ ছিল না। ২৬ মে হঠাৎ আরমান ফোন করে জানান, তাঁকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। তিনি ইউক্রেন-রাশিয়া সীমান্তের মাঝামাঝি কোনো একটা যুদ্ধশিবিরে আছেন। পরিবারের সদস্যদের কাছে তিনি বাঁচার আকুতি জানিয়ে দেশে ফিরতে সহযোগিতা চান। এর পর থেকে তাঁর সঙ্গে পরিবারের সদস্যরা আর কোনো যোগাযোগ করতে পারছেন না।
কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রাশিয়ার সেনাবাহিনীর পোশাক পরা অবস্থায় আরমানের কান্নাজড়িত একটি ভিডিও দেখতে পান স্বজনেরা। ভিডিওতে আরমানকে বলতে দেখা যায়, তিনিসহ ৩০ জন একসঙ্গে রাশিয়ায় যান। এজেন্সির লোকজন তাঁদের কোম্পানি অথবা কনস্ট্রাকশন সাইটে চাকরি দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু রাশিয়ায় নেওয়ার দুই দিনের মধ্যে তাঁদের রাশিয়ার দুই নাগরিকের হাতে তুলে দেওয়া হয়। পরে তাঁদের যুদ্ধের জন্য বিক্রি করে দেওয়া হয়।
ভিডিওতে আরমানকে বলতে শোনা যায়, ‘রুশ ক্যাম্পে আমাদের তিন থেকে চার দিনের ট্রেনিং দেয়। এরপর ৩০ জনের মধ্যে ১৪ জনকে একটি ক্যাম্পে এবং আমিসহ ১৬ জনকে অন্য একটি ক্যাম্পে পাঠায়। আমাদের মধ্য থেকে পাঁচ থেকে ছয়জনকে ফ্রন্টলাইনে যুদ্ধ করার জন্য পাঠানো হয়। ফ্রন্টলাইনে মাটির নিচে গ্রেনেড থাকে, মাইন পোঁতা থাকে ও ওপরে ড্রোন থাকে। আমাদের ড্রোন দিয়ে কন্ট্রোল করা হয়। মাছের টোপের মতো আমাদের ব্যবহার করা হয়। ডাইনে যাইতে বললে ডাইনে যাইতে হয়, বামে যাইতে বললে বামে যাইতে হয়। এভাবে আমাদের ১৬ জনের মধ্যে ১২ জন মারা গেছে। এখন চারজন জীবিত আছি। তবে ড্রোন হামলায় আমরা আহত। আমি বাম হাতে আহত হইছি। আমাদের দুজন এখনো হাসপাতালে আছে।’
ভিডিওর আরেকটি অংশে আরমান বলেন, ‘আমাদের এখন ক্যাম্পে রাখা হইছে। যেকোনো সময় ফ্রন্টলাইনে পাঠায় দিতে পারে। কখন পাঠাবে আমরা জানি না। আল্লাহ ভরসা, আল্লাহই ভালো জানে। আমরা তো ভাষা বুঝি না, কোনো কিছু বুঝি না, বুঝাইয়া বলতেও পারি না। আমাদের যখন যা বলে, তা–ই করতে হয়। ফ্রন্টলাইনে না যেতে চাইলেই আমাদের মারধর করা হয়। মাটির নিচে বাংকারে আটকায়া রাখে।’ তিনি বলেন, ‘আমাদের সবার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে। আমরা তো এই জীবন চাই নাই। আমরা আসছিলাম শুধু ডাল-ভাত খাইয়া বাঁচার জন্য। আমাদের এভাবে বিক্রি করে দিছে। এখন কী করব বুঝতে পারতেছি না। আমাদের রক্ষা করুন, প্লিজ।’
আরমানের বাবা রফিকুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, উন্নত জীবনের জন্য ছেলেটা প্রায় ১০ লাখ টাকা দিয়ে রাশিয়ায় গিয়েছিল। তাঁকে ভালো চাকরি দেওয়ার কথা ছিল। কিন্তু রাশিয়ায় নিয়ে বিক্রি করে দেওয়া হয়। তিনি তাঁর ছেলেকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান।
আরমানের ছোট ভাই মো. সালমান বলেন, ‘আমার ভাই আগে কাজের জন্য ইরাকে গিয়েছিলেন। সেখানে প্রায় চার বছর ছিলেন। তিন বছর আগে দেশে ফিরে আসেন। দুই বছর আগে বিয়ে করেন। ইরাক থেকে ফেরার পর দীর্ঘদিন কোনো কাজকর্ম ছিল না। সংসারের অভাব দূর করে ভালোভাবে বাঁচার আশায় আবার বিদেশে যান। গিয়ে যুদ্ধক্ষেত্রে আটকা পড়েছেন। এখন তাঁদের দিয়ে যুদ্ধ করানো হচ্ছে। আমরা জানি না ভাই এখন কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কি না। কী করব, কার কাছে যাব—কিছুই বুঝে উঠতে পারছি না। আমরা শুধু চাই, আমার ভাই নিরাপদে দেশে ফিরে আসুক।’






