বান্দরবানে বম সম্প্রদায়ের অসুস্থ এক নারীকে উদ্ধার করে সেনা হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করেছে সেনাবাহিনী। ওই নারী স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম পার্বত্য এলাকায় বসবাসরত রামকিল বম (৭৪) আজ শনিবার স্ট্রোকে আক্রান্ত হন। তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানবিক দায়িত্ববোধ ও জনসেবার অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী রামকিল বমকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও চিকিৎসা সহায়তার উদ্যোগ নেয়। সেনা হেলিকপ্টারে করে তাঁকে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হয়। সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও জরুরি মানবিক সহায়তা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।