বিশ্বকাপের ‘জে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী সোমবার অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ডালাসের এই ম্যাচে জয় পেলেই নিশ্চিত হবে লিওনেল মেসিদের নকআউট পর্বের টিকিট।

নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপে গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ছুঁয়েছেন মেসি। আলজেরিয়াকে উড়িয়ে শুভসূচনা করা আর্জেন্টিনার সামনে এবার বাধা অস্ট্রিয়া।

তবে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে এক চমকপ্রদ স্বীকারোক্তি দিয়ে আলোচনায় এসেছেন অস্ট্রিয়ান গোলরক্ষক আলেকজান্ডার শ্লাজার। মেসির মুখোমুখি হওয়ার আগে তিনি অকপটে জানালেন, লিওনেল মেসি নয়, তাঁর পছন্দ ক্রিস্টিয়ানো রোনালদো!

.

২৮ বছর পর বিশ্বকাপে ফেরা অস্ট্রিয়া নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে। সেই ম্যাচে পোস্টের নিচে দারুণ খেলা ৩০ বছর বয়সী এই গোলরক্ষক আর্জেন্টিনা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেন, ‘সত্যি কথা বললে, আমি আসলে ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত।’

.

শুরুতেই নিজের পছন্দের কথা পরিষ্কার করে দিলেও মেসিকে প্রশংসায় ভাসাতে কার্পণ্য করেননি রেড বুল সালজবুর্গের এই গোলরক্ষক। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা আর্জেন্টাইন জাদুকর সম্পর্কে শ্লাজার বলেন, ‘তিনি এমন একজন খেলোয়াড়, যিনি এত দীর্ঘ সময় ধরে অবিশ্বাস্য রকমের উঁচু স্তরে পারফর্ম করে আসছেন যে তাঁকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলা বা বলার চেষ্টা করাটাও হবে ধৃষ্টতা।’

.গ্রুপে পয়েন্ট সমান হলে কী হবে, কীভাবে বেছে নেওয়া হবে তৃতীয় স্থানের সেরা ৮ দল.

মেসি মাঠে থাকা মানেই যে প্রতিপক্ষের জন্য এক বাড়তি মনস্তাত্ত্বিক চাপ, সেটিও মনে করিয়ে দিয়েছেন অস্ট্রিয়ান গোলরক্ষক। মেসির প্রভাব নিয়ে তাঁর কথা, ‘মাঠে তাঁর উপস্থিতি অসাধারণ এবং সেটি তাঁর দলের মধ্যেও পরিষ্কার দেখা যায়। তিনি যখন মাঠে থাকেন, তখন যে শক্তি তৈরি করেন এবং যে আবহ ছড়িয়ে দেন, তা দুর্দান্ত। আর হ্যাঁ, এ কারণেই আমি ম্যাচটি খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তাঁকে রুখে দেওয়ার জন্য আমরা আমাদের সাধ্যমতো সবকিছু করার চেষ্টা করব।’

প্রথম ম্যাচে ৩ গোল করে মেসি এখন বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা। সোমবারের ম্যাচে অস্ট্রিয়ার জমাট রক্ষণ আর শ্লাজারের দেয়াল ভেঙে মেসি এককভাবে এই রেকর্ডের চূড়ায় বসতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

.মেসির বাবা মারা গেছেন, এই খবর ছড়িয়ে চাকরি গেল আর্জেন্টাইন সাংবাদিকের