রাজধানীর শেখেরটেক এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার মুখে পড়ার কথা জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশের ছোড়া গুলিতে দুজন আহত হয়েছে। পুলিশে বলছে, গুলিবিদ্ধ দুজন ছিনতাইকারী। পুলিশের ওপর হামলা চালালে আত্মরক্ষার্থে তারা গুলি ছুড়েছে। ঘটনাস্থল থেকে আহত দুজনসহ চারজনকে আটক করার কথাও জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আজ বেলা ১১টার দিকে আদাবরের শেখেরটেক এলাকায় বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ অভিযান শুরু করে। এর অংশ হিসেবে ঢাকা উদ্যানের কাছে ডেল্টা গার্মেন্টেসের পেছনে যায় পুলিশ। এ সময় পুলিশের ওপর ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ছিনতাইকারী ধরতে অভিযানে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা করে ছিনতাইকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। এতে রুবেল ও আমির নামে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। পরে তাঁদের আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে কাশেম ও জয় নামে আরও দুজনকে আটক করা হয়েছে। হামলার সময় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম সামান্য আহত হন।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। সকালে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় তাঁদের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।






