রাজধানীর উত্তরায় মারধরের শিকার হয়ে আহত সাবেক সেনাসদস্য মাহবুব আলম (৫৭) মারা গেছেন। গতকাল রোববার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম। তিনি মুক্তকণ্ঠকে বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মাহবুব আলম অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। তিনি উত্তরা পূর্ব থানা এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে হিসাব বিভাগে চাকরি করতেন।

পুলিশ জানায়, বডিগার্ড (গানম্যান) হিসেবে চাকরির খোঁজে গত শুক্রবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে যান মাহবুব আলম। ওই সময় দুটি গাড়ি সেখানে আসে। একটি গাড়ি থেকে একজন নেমে হঠাৎ লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। মুহূর্তের মধ্যেই আরও পাঁচ-ছয়জন তাঁকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, মাহবুব আলমের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। তিনি উত্তরা পূর্ব থানা এলাকায় বসবাস করতেন। সেখানেই কর্মরত ছিলেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।