নাপোলির তারকা ফরোয়ার্ড রোমেলু লুকাকু এখনো পুরোপুরি ফিট হয়নি। তাঁর ফর্মও খারাপ। ৩৩ বছর বয়সী এই খেলোয়াড় ২০২৬ সালে এখন পর্যন্ত মূল দলে মাত্র ৬৯ মিনিট খেলেছেন। বর্তমানে নিতম্বের চোটের জন্য মাঠ থেকে দূরে রয়েছেন।

বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়াও স্বীকার করেছেন যে লুকাকু এখন খেলার উপযুক্ত অবস্থায় নেই। তবুও দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ডকে বিশ্বকাপ দলে নিয়ে নিয়েছেন তিনি।

বেলজিয়ামের হয়ে ১২৪ আন্তর্জাতিক ম্যাচে ৮৯ গোল করা লুকাকুকে নিয়ে গার্সিয়া সংবাদ সম্মেলনে বলেন, “রোমেলু চোট থেকে সেরে উঠেছে, কিন্তু সে খেলার মতো অবস্থায় নেই। আমি নিশ্চিত নই ও শুরু থেকে বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে পারবে কি না। তবে লুকাকু আমাদের সেরা স্ট্রাইকার এবং দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।”

লুকাকুকে নিয়ে আশাবাদী কোচ আরও যোগ করেন, “ওকে পুরোপুরি ফিট করে তুলতে আমাদের হাতে পাঁচ সপ্তাহ সময় আছে। আশা করি ধীরে ধীরে সে দলকে সাহায্য করতে পারবে।”

বেলজিয়ামের ২৬ সদস্যের দলে বড় চমক হিসেবে এসেছেন মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো। লিলের এই ফরোয়ার্ড আগে স্পেনের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেললেও জাতীয়তা বদলে বেলজিয়ামের হয়ে প্রথমবার ডাক পেয়েছেন।

তবে লইস ওপেন্ডা দল থেকে বাদ পড়েছেন। বেলজিয়ামের হয়ে ৩৩ ম্যাচ খেলা এই খেলোয়াড় জুভেন্টাসে এই মৌসুমে ২৪ ম্যাচে মাত্র ১টি গোল করেছেন। খারাপ ফর্মের কারণেই তাঁকে দলে রাখেননি গার্সিয়া। দলে তারকা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন কেভিন ডি ব্রুইনা, থিবো কোর্তোয়া ও জেরেমি ডকু।

আগামী ১৫ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে ম্যাচ করে বিশ্বকাপ অভিযান শুরু করবে বেলজিয়াম। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরান ও নিউজিল্যান্ড। ম্যাচগুলো হবে লস অ্যাঞ্জেলেস ও ভ্যাঙ্কুভারে।

২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বেলজিয়াম। ২০২৪ ইউরোতে কোনোমতে গ্রুপ পার হলেও শেষ ১৬-এ ফ্রান্সের কাছে হেরে বের হয়ে যায় তারা। সাবেক কোচ ডোমেনিকো তেদেস্কোকে বরখাস্ত করে ২০২৫ সালের জানুয়ারিতে নাপোলি ও রোমার সাবেক কোচ রুডি গার্সিয়াকে দায়িত্ব দেন।

গোলরক্ষক: থিবো কোর্তোয়া, সেনে ল্যামেন্স, মাইক পেন্ডার্স।
ডিফেন্ডার: টিমোথি কাস্তানিয়া, জেনো ডেবাস্ট, ম্যাক্সিম ডি কুইপার, কোনি ডি উইন্টার, ব্র্যান্ডন মেচেলে, থমাস মুনিয়ের, নাথান এনগয়, জোয়াকিন সেস, আর্থার থিয়েট।
মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা, আমাদু ওনানা, নিকোলাস রাস্কিন, ইউরি তিয়েলেমানস, হান্স ভানাকেন, অ্যাক্সেল উইটসেল।
ফরোয়ার্ড: চার্লস ডি কেটেলিয়ার, জেরেমি ডকু, মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো, রোমেলু লুকাকু, ডোডি লুকেবাকিও, ডিয়েগো মোরেরা, অ্যালেক্সিস সেলেমেকার্স, লিয়ান্দ্রো ট্রোসার্ড।