সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ কর্মীকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। আজ শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ শুনানি শেষে এই আদেশ দেন।

গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে বর্ষীয়ান নেতা মোশাররফ হোসেনের জানাজা সম্পন্ন হয়। এ সময় আওয়ামী লীগ ও এর সংশ্লিষ্ট সংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। জানাজা শেষে তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন।

গ্রেপ্তারকৃত ১৯ জন হলেন মেহেদী হাসান, মো. সুমন, মো. ইমন, মহিউদ্দিন, মো. বশর, হাসান, সজিব, মুসা, জয়নাল, রাসেল, সাদ্দাম হোসেন, আলামিন, রাকিক, শরীফ মিয়া, সোহেল, মনির, রায়হান, ইলিয়াস ও জাহিদুল হক।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন মুক্তকণ্ঠকে বলেন, জানাজা শেষে লাঠিসোঁটা নিয়ে স্লোগান দিয়ে জনসাধারণের ক্ষতি করার চেষ্টাকালে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বেশির ভাগের বিরুদ্ধে থানায় একাধিক সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।