ব্যবহারকারীদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা জোরদার করতে মেটা হোয়াটসঅ্যাপে ‘ইনকগনিটো চ্যাট’ সুবিধা চালু করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, এই সুবিধার মাধ্যমে মেটা এআই চ্যাটবটের সঙ্গে আলোচনার কোনো তথ্য অন্য কেউ দেখতে পারবে না, এমনকি মেটাও জানতে পারবে না। ফলে স্বাস্থ্য, আর্থিক বা অন্যান্য সংবেদনশীল বিষয়ে এআই-এর সঙ্গে কথা বলা ব্যবহারকারীদের গোপনীয়তা পুরোপুরি নিশ্চিত হবে।

মেটা জানিয়েছে, ইনকগনিটো চ্যাটে ব্যবহারকারীদের আলোচনার তথ্য অস্থায়ীভাবে সংরক্ষণ করা হলেও নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এটি মূলত ‘প্রাইভেট প্রসেসিং’ প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি, যা একটি নিরাপদ ক্লাউড পরিবেশ তৈরি করে। এতে ব্যবহারকারীদের তথ্য প্রকাশ না করেই এআই চ্যাটবট বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে।

অন্যান্য প্ল্যাটফর্মে ইনকগনিটো-ভিত্তিক এআই চ্যাট থাকলেও হোয়াটসঅ্যাপের এই সুবিধা আরও নিরাপদ হবে বলে মেটা দাবি করেছে। তথ্যমতে, আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে হোয়াটসঅ্যাপ ও মেটা এআই অ্যাপে এটি চালু হবে।

এছাড়া ‘সাইড চ্যাট’ নামে আরেকটি সুবিধাও চালুর পরিকল্পনা করেছে মেটা। এর মাধ্যমে কথোপকথন চলাকালীনই দ্রুত এআই চ্যাটবটের সহায়তা নেওয়া যাবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস