সরকার দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে পরিবর্তন এনেছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এসব বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে উপাচার্যের দায়িত্ব পালন করে আসা অধ্যাপকদের অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য নিযুক্ত করা হয়েছে। অব্যাহতি পাওয়া বেশিরভাগ উপাচার্যই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই দায়িত্বে ছিলেন।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
বুয়েটে পুরকৌশল বিভাগের অধ্যাপক একরামুল হককে উপাচার্য নিযুক্ত করা হয়েছে। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন মো. মামুন অর রশিদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এম এম শরীফুল করীম, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওই বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এ কে এম মতিনুর রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবাল (সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি উপাচার্যের দায়িত্বরত), জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের অধ্যাপক গোলাম রব্বানী, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক জয়নুল আবেদীন সিদ্দিকী এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল হাসানাত মোহা. শামীমকে উপাচার্য হিসেবে নিযুক্ত করা হয়েছে।
সকলের নিযুক্তির মেয়াদ চার বছর। তবে আচার্য হিসেবে রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এই নিযুক্তি বাতিল করতে পারবেন। উপাচার্যদের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
এছাড়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজনকে নিযুক্ত করা হলেও পরে তা বাতিল করা হয়েছে।






