২০২৬ বিশ্বকাপ শুরু হতে মাত্র চার সপ্তাহ বাকি থাকা সত্ত্বেও ইরানের জাতীয় ফুটবল দল এখনো যুক্তরাষ্ট্রের ভিসা পায়নি। এ কথা জানিয়েছেন ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন অনুসারে, মেহেদি তাজ বলেছেন, “আগামীকাল অথবা পরশু ফিফার সঙ্গে আমাদের একটি চূড়ান্ত বৈঠক হবে। তাদের অবশ্যই আমাদের নিশ্চয়তা দিতে হবে। কারণ, ভিসা ইস্যুটির এখনো সমাধান হয়নি।”

তিনি আরও যোগ করেন, “কারা ভিসা পাচ্ছে সে বিষয়ে তাদের থেকে আমরা এখনো কোনো বিবরণ পাইনি। এখন পর্যন্ত কোনো ভিসাই ইস্যু করা হয়নি।”

ভিসাপ্রক্রিয়ার অংশ হিসেবে খেলোয়াড়দের আঙুলের ছাপ দেওয়ার জন্য তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা। তাজ জানান, “ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য খেলোয়াড়দের আঙ্কারায় যেতে হবে। তবে আমরা এটি আন্তালিয়াতে আয়োজন করার চেষ্টা করছি, যাতে আঙ্কারায় যাওয়ার প্রয়োজন না হয়।”

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করলে যুদ্ধ শুরু হয়। তবে গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি চলছে। যুক্তরাষ্ট্র–সমর্থিত শাহকে ক্ষমতাচ্যুত করা ইসলামিক বিপ্লবের পর মার্কিন দূতাবাসে জিম্মি সংকটের জেরে ১৯৮০ সাল থেকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

এদিকে ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া জাতীয় ফুটবল দলের জন্য বুধবার তেহরানে একটি বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করে ইরান। বিশ্বকাপের জন্য রওনা হওয়ার আগে দলটি তুরস্কে ক্যাম্প করবে।

এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথ আয়োজক হলেও ইরানের গ্রুপ পর্বের সব ম্যাচ যুক্তরাষ্ট্রে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর কথা ইরানের। বিশ্বকাপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও মিসর।