গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) দেশজুড়ে হাম ও এর উপসর্গে আরও সাত শিশু প্রাণ হারিয়েছে। এর মধ্যে এক শিশুর হাম শনাক্ত হয়েছিল, অন্য ছয়ের ছিল হামের উপসর্গ।

এই সময়কালে সারা দেশে ১ হাজার ৩৬৩ শিশুর শরীরে হামের উপসর্গ প্রকাশ পেয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। হাম শনাক্ত শিশুটি ঢাকায় মারা যায়। উপসর্গগ্রস্তদের মধ্যে ঢাকায় চার, চট্টগ্রামে এক ও ময়মনসিংহে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৬৯ শিশুর মৃত্যু নিশ্চিত হয়েছে। এর মধ্যে হাম শনাক্তের পর ৭০ শিশু মারা গেছে। মোট ৪৩৯ শিশুর প্রাণহানি ঘটেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৫৪ হাজার ৪১৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে উপসর্গ নিয়ে ৩৯ হাজার ১৬০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তবে তাদের মধ্যে ৩৪ হাজার ৯৬৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৭ হাজার ৩০৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও স্বাস্থ্য অধিদপ্তর উল্লেখ করেছে।