২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি এবং শেষ হবে ৬ ফেব্রুয়ারি। অন্যদিকে, ওই বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং চলবে ১৩ জুলাই পর্যন্ত।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তারিখগুলো ঘোষণা করেন। সম্মেলনের পর সাংবাদিকদের হাতে পরীক্ষার সম্ভাব্য সময়সূচি দেওয়া হয়।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় বাঁচাতে তাঁদের চূড়ান্ত লক্ষ্য হলো পর্যায়ক্রমে এসএসসি ও এইচএসসি বছরের ডিসেম্বর মাসে নেওয়া।

গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় শিক্ষার্থীসহ অংশীজনেরা বলেন, ‘হুট করে’ ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়া ঠিক হবে না। তাঁদের পরামর্শ ছিল, এসএসসি জানুয়ারিতে এবং এইচএসসি জুনে নেওয়া যেতে পারে। এই মতামতের পর শিক্ষামন্ত্রী সুনির্দিষ্ট সময় জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে এসএসসি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ৪০ লাখ পরীক্ষার্থীর লেখাপড়া ও ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ। স্বাভাবিক সময়ে এসএসসি পাস করতে একজন শিক্ষার্থীর ১৬ বছর এবং এইচএসসির জন্য ১৮ বছর লাগতে পারে। কিন্তু দেখা গেছে এইচএসসি পাস করতেই ২০ বছর লেগে যায়। অর্থাৎ জনমিতির হিসাবে জাতি ৪০ লাখ বছর পিছিয়ে যায়। সে ক্ষেত্রে পাঠ্যসূচি শেষ করা ও সেশন জট কমিয়ে আনা, গ্যাপ ক্রমান্বয়ে কমানো তাঁদের লক্ষ্য।

শিক্ষামন্ত্রী বলেন, তাঁরা লক্ষ্য নির্ধারণ করেছেন যে ডিসেম্বর হলো পরীক্ষার জন্য আদর্শ মাস। এটা এসএসসি ও এইচএসসির। সেটাকে সামনে রেখে কাজ শুরু করেছেন। তবে অংশীজনদের সঙ্গে আলোচনা করে আগামী বছরের এসএসসি ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হবে। পবিত্র রমজানের কারণে আগে শেষ করা হচ্ছে। আর এইচএসসি ৬ জুন শুরু হয়ে ১৩ জুলাই শেষ হবে।

সাংবাদিকদের প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, তাঁরা আইন পরিবর্তন করে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ব্যবস্থা করছেন। আগামী সংসদ অধিবেশনে আইনের সংশোধনী পাস হতে পারে।

প্রসঙ্গত, বর্তমানে উত্তরপত্র মূল্যায়নের সুযোগ নেই। কেবল পুনর্নিরীক্ষণের সুযোগ আছে। মানে খাতায় নম্বর দেওয়ার ক্ষেত্রে যোগ-বিয়োগে ভুল আছে কি না বা গুরুতর কোনো ভুল আছে কি না, সেটা দেখা হয়।

এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা। প্রতিবছর এতে লাখ লাখ শিক্ষার্থী অংশ নেন। বর্তমানে দশম শ্রেণি শেষ করার পরের বছর এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রেও প্রায় একই অবস্থা। দীর্ঘদিন ফেব্রুয়ারি শুরুতে এসএসসি এবং এপ্রিল শুরুতে এইচএসসি হতো। কিন্তু করোনার পর এ সূচি বজায় রাখা যায়নি, বরং পিছিয়ে গেছে। চলতি বছরের (২০২৬) এসএসসি শুরু হয় ২১ এপ্রিল এবং এইচএসসি জুলাই মাসে।

সম্প্রতি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু আয়োজনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে মতবিনিময় সভায় ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

২০২৭ সালের পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনায় প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গতকালের সভায়ও ডিসেম্বরে না নেওয়ার পক্ষে মত এসেছে, তবে পর্যায়ক্রমে তা সম্ভব বলে মত উঠেছে।

বর্তমানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষাবর্ষ জানুয়ারি শুরু হয়ে ডিসেম্বরে শেষ হয়। উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষার সেশন জুলাই থেকে শুরু। শিক্ষাবিদেরা বলছেন, নির্দিষ্ট সময়ে পরীক্ষা নেওয়া ইতিবাচক হবে, তবে সমন্বিত পরিকল্পনা দিয়ে।