ওপেনার সাদমান ইসলাম চোটের কারণে সিলেটে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন। আজ বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বুকের আঘাত পাওয়ায় ছিটকে গেছেন সাদমান। তাঁর জায়গায় দলে যোগ দিয়েছেন আরেক বাঁহাতি ওপেনার জাকির হাসান।
প্রথম টেস্টে ক্যাচ ধরার সময় বুকে আঘাত পান সাদমান। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম সাদমানের চোট নিয়ে বলেছেন, “মিরপুরে প্রথম টেস্ট চলাকালীন ক্যাচ ধরতে গিয়ে সাদমানের বুকে আঘাত লাগে। তাঁর বুকে ট্রমাটিক কনটিউশন (আঘাতজনিত ক্ষত) হয়েছে এবং তিনি ব্যথায় ভুগছেন। দুর্ভাগ্যবশত দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া যাবে না।”
প্রথম টেস্টে সাদমান দুই ইনিংসে যথাক্রমে ১৩ ও ১০ রান করে আউট হয়েছেন। সাদমানের চোটে অনেক দিন পর দলে ফিরলেন জাকির। সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছেন এই বাঁহাতি।
দলের তালিকা: নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।






