দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। নির্বাচন কমিশন (ইসি) আজ বৃহস্পতিবার ভোটার তালিকা হালনাগাদ-২০২৬–এর চূড়ান্ত তথ্য প্রকাশ করেছে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া পরিচয়ে ১ হাজার ২৪৩ জন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। ২০২৫ সালের ২৪ নভেম্বর পর্যন্ত যাঁরা তালিকাভুক্ত হয়েছিলেন, তাঁরা ওই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান।

তারপরও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলতে থাকে। গত ৩১ মার্চ পর্যন্ত নিবন্ধিতদের অন্তর্ভুক্ত করে এ বছরের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যাঁরা ভোটার হওয়ার আবেদন করেছেন এবং ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণ করেছেন, তাঁরা এ তালিকায় যুক্ত হয়েছেন। এ সময়ে নতুন যুক্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন, ভোটার বৃদ্ধির হার দশমিক ৫ শতাংশ।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, গত ২০ এপ্রিল ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়। ভুল সংশোধন বা স্থানান্তরের আবেদন গ্রহণ হয় ৩ মে পর্যন্ত। আবেদন নিষ্পত্তির সময় শেষ হয় ৬ মে। সব প্রক্রিয়া সম্পন্ন করে আজ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।