জীববিজ্ঞান: পরামর্শ

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভকামনা জানাই। ২০২৬ সালের এসএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে অনুষ্ঠিত হবে। জীববিজ্ঞানে ১০০ নম্বরের মধ্যে বহুনির্বাচনি অংশে ২৫, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে ১০, সৃজনশীল অংশে ৪০ এবং ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকবে।

বহুনির্বাচনি অংশ

বহুনির্বাচনি অংশে প্রতিটি অধ্যায় থেকে সাধারণত কমপক্ষে একটি করে প্রশ্ন আসে। কিন্তু ২০২৬ সালের এসএসসি পরীক্ষা পুনর্বিন্যাসিত সিলেবাস অনুসারে জীববিজ্ঞানে সাতটি অধ্যায় (এর মধ্যে একটি আংশিক) থাকবে। তাই এই অংশে প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে তিনটি করে প্রশ্ন আসবে। ভালো নম্বর পাওয়ার জন্য সংশ্লিষ্ট অধ্যায়ের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এবং চিত্রের বিভিন্ন অংশ আন্ডারলাইন করে রাখুন এবং মনোযোগ দিয়ে রিভিশন করুন।

# বহুনির্বাচনি অংশে ২৫টি প্রশ্ন থেকে ২৫টি প্রশ্নেরই উত্তর দিতে হবে।

# এর জন্য সময় বরাদ্দ ২৫ মিনিট।

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

সংক্ষিপ্ত উত্তরে সাতটি প্রশ্ন থেকে পাঁচটির উত্তর দিতে হবে। সময় ২৫ মিনিট। প্রতিটি প্রশ্ন ২ নম্বর করে ২×৫=১০ নম্বর। জীববিজ্ঞানে উত্তরে চিত্র দিতে হয়। প্রশ্নে কী চাওয়া হয়েছে, তা আগে বুঝে লিখুন।

সৃজনশীল অংশ

সৃজনশীল অংশে সাতটি প্রশ্ন থেকে চারটির উত্তর দিতে হবে। সময় ২ ঘণ্টা ১০ মিনিট। প্রতিটি ১০ নম্বর করে ১০×৪=৪০ নম্বর। ভালো নম্বরের জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাসের সাতটি অধ্যায়—জীবনপাঠ, জীবকোষ ও টিস্যু, কোষ বিভাজন, জীবনীশক্তি, জীবের প্রজনন (আংশিক), জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি এবং জীবের পরিবেশ—সুচারুরূপে অনুশীলন করুন। উত্তরে চিত্র দিতে হয়। অনেকে চিত্র ছাড়া মুখস্থ করে, কিন্তু চিত্রের সঙ্গে মিলিয়ে বুঝে পড়লে বিষয় সহজে মনে থাকে। এটি মেনে চলুন।

সৃজনশীল অংশের বিস্তারিত

# ‘ক’ নম্বর প্রশ্ন জ্ঞানমূলক। যেমন, “ইন্টারফেজ কাকে বলে?” সঠিক সংজ্ঞা লিখলে পূর্ণ ১ নম্বর।

# ‘খ’ নম্বর অনুধাবনমূলক। যেমন, “মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? ব্যাখ্যা করো।” সঠিক ধাপ লিখে ব্যাখ্যা করলে পূর্ণ ২ নম্বর।

# ‘গ’ নম্বর প্রয়োগমূলক। উদ্দীপকের তিনটি চিত্রে প্রোফেজকে P চিহ্নিত করে বলা হয়েছে। “P ধাপটি চিহ্নিত চিত্রসহ ব্যাখ্যা করো।” P চিনলে ১, চিত্র অঙ্কন করলে ২ এবং ব্যাখ্যায় পূর্ণ ৩ নম্বর।

# ‘ঘ’ নম্বর উচ্চতর দক্ষতাভিত্তিক। তিনটি চিত্রে প্রো-মেটাফেজ ও টেলোফেজকে Q ও R চিহ্নিত। “Q ও R–এর একটিতে স্পিন্ডল তন্তুর আবির্ভাব ঘটলেও অপরটিতে স্পিন্ডল বিলুপ্ত হয়ে ক্যারিওকাইনেসিস ঘটায়—বিশ্লেষণ করো।” ধাপ চিনলে ১, আবির্ভাব ব্যাখ্যায় ২, বিলুপ্তি ব্যাখ্যায় ৩ এবং ক্যারিওকাইনেসিসের সুচিন্তিত মতামতে পূর্ণ ৪ নম্বর।

রিভিশনের টিপস

প্রশ্নের উত্তর নির্ধারিত সময়ে শেষ করতে সময় ভাগ করে নিন। উত্তর প্রাসঙ্গিক রাখুন। খাতা শেষে অবশ্যই রিভিশন করুন।

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা