ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে ক্রিস্টাল প্যালেসকে ৩–০ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটি সহজ জয় নিয়েছে। গোলগুলো করেছেন আন্তোনে সেমেনিও, ওমর মারমুশ ও সাভিনিও। এই ম্যাচে সিটির চোখ ছিল আর্সেনালের দিকেও। পেপ গার্দিওলার নেতৃত্বাধীন দল যদি কোনোভাবে পয়েন্ট হারাত, তাহলে আর্সেনালের ২২ বছর পর শিরোপা পুনরুদ্ধারের পথ অনেকটা সহজ হয়ে যেত।
কিন্তু তা হয়নি। সিটির জয়ের ফলে শিরোপা লড়াই এখনও উত্তেজনাময় রয়েছে এবং শেষ সপ্তাহেও চলে যাবে। সিটি যদি প্যালেসের কাছে পয়েন্ট হারাত, তাহলে আগামী সোমবার বার্নলিকে হারালেই শিরোপা নিশ্চিত করতে পারত আর্সেনাল। সেই সম্ভাবনা এখন আপাতত থমকে গেছে সিটির জয়ে। তবে শিরোপা রেসের লাগাম এখন আর্সেনালের হাতে। তারা নিজেদের শেষ দুই ম্যাচ জিতলে হিসাবনিকাশ ছাড়াই চ্যাম্পিয়ন হবে। কিন্তু এই দুই ম্যাচের কোনোটিতে পয়েন্ট হারালে গানার্সদের স্বপ্ন ভেঙে যেতে পারে।
গতকালের ম্যাচের পর ৩৬ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে সিটি। সমান ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। তবে পয়েন্টে এগুলেও আর্সেনালের জন্য গোল ব্যবধান চিন্তার কারণ হতে পারে। দুই দল যদি সমান পয়েন্টে শেষ করে, তাহলে গোল ব্যবধান দেখা হবে। বর্তমানে এক গোলে এগিয়ে সিটি—তাদের গোল ব্যবধান +৪৩, আর্সেনালের +৪২। এই লড়াইয়ে প্রতিটি গোল এখন অমূল্য।
আগামী শনিবার এফএ কাপ ফাইনালে চেলসির সঙ্গে ম্যাচ রেখে সিটি কোচ গার্দিওলা দলে বড় পরিবর্তন এনেছেন। একাদশে ছয়টি চেঞ্জ করে আর্লিং হলান্ড, রায়ান চেরকি এবং জেরেমি ডকুর মতো তারকাদের বিশ্রাম দিয়েছেন।
ম্যাচের পর লিগ শিরোপা নিয়ে বিবিসিকে গার্দিওলা বলেন, “সবকিছু তাদের ওপর নির্ভর করছে। তারা যদি বাকি দুটি ম্যাচ জিতে যায়, তাহলে আর কিছু বলার থাকে না। আমাদের কাজ শুধু লড়াইয়ে টিকে থাকা, যদি কোনো সুযোগ আসে। তবে শেষ দুই ম্যাচ সহজ হবে না।”
এফএ কাপ ফাইনাল নিয়েও গার্দিওলা বলেন, “এখন যত দ্রুত সম্ভব বিশ্রাম নিয়ে এফএ কাপের প্রস্তুতিতে মন দিতে হবে। এফএ কাপের প্রতি আমাদের ভীষণ সম্মান আছে। শেষ দুবার আমরা হেরেছি, কারণ যথেষ্ট ভালো খেলতে পারিনি। আমরা জিততেই সেখানে যাব। শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।”






