লেঁসের মাঠে গতকাল রাতে পিএসজি পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা জয় নিশ্চিত করেছে। ড্র যথেষ্ট হলেও তারা লেঁসকে ২-০ গোলে হারিয়ে টানা পঞ্চমবারের মতো ফ্রান্সের শীর্ষ লিগ জিতেছে। লুইস এনরিকের নেতৃত্বাধীন এই দল এখন লিগ আঁ-এর সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড আরও উন্নত করেছে।
৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পিএসজি। সমান ম্যাচে ৬৭ পয়েন্টে দ্বিতীয় লেঁস। দুই দলেরই একটি করে ম্যাচ বাকি, কিন্তু লেঁস শেষ ম্যাচ জিতলেও ৯ পয়েন্টের ব্যবধান পার করতে পারবে না।
এবার ১৪তম লিগ শিরোপা জিতে পিএসজি নিজেদের রেকর্ডই ভেঙেছে। ২০২৩ সালে লুইস এনরিক কোচ হওয়ার পর এটি তাদের তৃতীয় লিগ শিরোপা। ফ্রেঞ্চ সুপার কাপ ও লিগ জয়ের পর এ মৌসুমে ‘ট্রেবল’ জয়ের সম্ভাবনাও রয়েছে। ৩০ মে বুদাপেস্টে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আর্সেনালের সঙ্গে মুখোমুখি হবে তারা। এছাড়া ফ্রেঞ্চ ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ ও উয়েফা সুপার কাপও জিতেছে ফরাসি ক্লাবটি।
পিএসজির ১৪ লিগ শিরোপার মধ্যে সর্বশেষ ১৪ বছরে এসেছে ১২টি। কাতারি ধনকুবের নাসের আল খেলাইফির মালিকানায় এ সাফল্য এসেছে পার্ক দে প্রিন্সেসের ক্লাবে। টানা পাঁচবার লিগ জয় করে তারা লিঁওর টানা সাতবারের পর দ্বিতীয় স্থানে। গত সপ্তাহে ব্রেস্তকে ১-০ গোলে হারিয়ে লেঁসের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে গিয়ে শিরোপা জয় একপ্রকার নিশ্চিত করেছিল তারা।
লেঁসের মাঠে ২৯ মিনিটে পিএসজি উইঙ্গার খিচা কাভারাস্কেইয়া গোল করে এগিয়ে যায়। ৯৩ মিনিটে সেনেগালের ফরোয়ার্ড ইব্রাহিম এমবায়ে দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন। জয়ের পর উসমান দেম্বেলে সম্প্রচারক চ্যানেল বিইন স্পোর্টসকে বলেন, “আমরা জিততে এসেছিলাম। তবে আমাদের মূল লক্ষ্য ৩০ মে ফাইনালের জন্য নিজেদের প্রস্তুত করা। আগামী রোববার (প্যারিস এফসির বিপক্ষে) আমাদের আরও একটি ম্যাচ আছে। আমরা এই শিরোপা উদ্যাপন করব; কারণ, এখন আমরা আনুষ্ঠানিকভাবেই চ্যাম্পিয়ন।”
এদিকে, রোমে গতকাল রাতে লাৎসিওকে ২-০ গোলে হারিয়ে ইতালিয়ান কাপ জিতেছে ইন্টার মিলান। ১৪ মিনিটে লাৎসিও রাইটব্যাক অ্যাডাম মারুসিচের আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায় ইন্টার। ৩৫ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ দ্বিতীয় গোলটি করেন। এর আগে ২১তম লিগ জয় নিশ্চিত করেছে ইন্টার। ২০১০ সালের পর প্রথম এমন মৌসুমে তারা লিগ ও কাপ দুটি জিতেছে। জোসে মরিনিওর অধীনে ২০১০ সালে চ্যাম্পিয়নস লিগ, সিরি ‘আ’ ও কাপ জিতেছিল ইন্টার।
জয়ের পর ইন্টারের কোচ ক্রিস্টিয়ান চিভু বলেন, “চমৎকার একটি মৌসুমে এই ট্রফিগুলো আমাদের প্রাপ্য ছিল। লিগ ও কাপ—একই সঙ্গে দুটি জেতা সহজ কথা নয়। আমরা দারুণ খুশি।”






