বিশ্বকাপের ঠিক আগে লিওনেল মেসি দারুণ ছন্দে ফিরে এসেছেন। ইন্টার মায়ামির হয়ে টানা তিন ম্যাচে গোলের পথে এবার তিনি জোড়া গোল করেছেন। আর্জেন্টাইন কিংবদন্তি হ্যাটট্রিকও করতে পারতেন, কিন্তু শেষ গোলটি আত্মঘাতী হিসেবে গণ্য হয়েছে।
মেজর লিগ সকারে (এমএলএস) আজ ভোরে সিনসিনাটিকে ৫–৩ গোলে হারিয়ে ইন্টার মায়ামি জয়লাভ করেছে। এই ম্যাচে মেসি ২ গোল করে মোট ৪টি গোলে অবদান রেখেছেন। বিশ্বকাপের আগে এমন ফর্ম দেখে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি নিশ্চয়ই খুশি হবেন। আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
সিনসিনাটির মাঠে ২৪ মিনিটে প্রতিপক্ষের ভুলে সুযোগ পেয়ে মেসি গোল করে দলকে ১–০ গোলে এগিয়ে দেন। এরপর সিনসিনাটি ৪৯ মিনিটের মধ্যে ২–১ গোলের লিড নেয়।
তবে ৫৫ মিনিটে দলীয় আক্রমণ থেকে অসাধারণ ফিনিশিংয়ে মেসি মায়ামিকে সমতায় ফিরিয়ে আনেন। উত্থান–পতনময় ম্যাচে ৬৪ মিনিটে গোল খেয়ে আবার লিড হারায় ইন্টার মায়ামি। কিন্তু মেসিই আবার সমতায় ফেরার পথ করে দেন।
৭৯ মিনিটে মেসির পাস থেকে গোল করেন মাতেও সিলভেত্তি। ৮৪ মিনিটে সিনসিনাটি গোলরক্ষকের ভুলে বল পেয়ে গেরমান বেরতেরামে মায়ামিকে এগিয়ে দেন। ৮৯ মিনিটে সিনসিনাটির ফেরার পথ বন্ধ করে মায়ামি গোল পায়। মেসির শট পোস্টে লেগে গোলরক্ষকের গায়ে ঠেকার পর জালে জড়ায়। কাগজে–কলমে আত্মঘাতী গোল হলেও এটি একপ্রকার মেসিরই।
প্রথমে মেজর লিগ সকারের অফিশিয়াল এক্স পেজসহ একাধিক সংবাদমাধ্যম এই গোলটিকে মেসির বলে দেখায়, কিন্তু পরে এটি আত্মঘাতী হিসেবে চিহ্নিত হয়।
আগের দুই লিগ ম্যাচেও মেসি গোল করেছেন। সব মিলিয়ে মায়ামির হয়ে সর্বশেষ তিন ম্যাচে তাঁর ৪ গোল এবং ৪টি গোল অ্যাসিস্ট। ক্যারিয়ারে মেসির মোট গোলসংখ্যা এখন ৯০৯। চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে ১৪ ম্যাচে ১২ গোল ও ৪টি গোল অ্যাসিস্ট করেছেন মেসি। তবে এমএলএসে ১২ ম্যাচে ১১ গোল।
এই জয়ে এমএলএস পয়েন্ট তালিকায় মায়ামি এখন দ্বিতীয়। ১৩ ম্যাচে তাদের ২৫ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ন্যাশভিলের ২৭ পয়েন্ট। ম্যাচ শেষে মেসি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘প্রতিপক্ষের মাঠে আরেকটি গুরুত্বপূর্ণ জয়।’ এর সঙ্গে দলের উদযাপনের ছবি শেয়ার করেছেন। ১৮ মে বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি পোর্টল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচ খেলবে।






