ওয়েবসাইটে প্রবেশের আগে ক্যাপচা পূরণ করতে গিয়ে ব্যবহারকারীরা প্রায়ই বিরক্ত হয়ে পড়েন। কখনো সাইকেল, কখনো গাড়ি বা ট্রাফিক লাইটের ছবি চিহ্নিত করতে হলে ধৈর্যের পরীক্ষা হয়। এবার গুগল প্রচলিত ক্যাপচা পদ্ধতির বদলে নতুন যাচাই ব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে। তবে কিউআর কোডভিত্তিক এ সিস্টেমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া কয়েকটি স্ক্রিনশট থেকে জানা গেছে, গুগল নতুন প্রজন্মের রিক্যাপচা প্রযুক্তি নিয়ে কাজ করছে। এতে ছবিভিত্তিক যাচাইয়ের পরিবর্তে ব্যবহারকারীকে স্মার্টফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করতে হতে পারে। তারপর ফোনে থাকা গুগল প্লে সার্ভিসেসের মাধ্যমে যাচাই হবে ব্যবহারকারী মানুষ কি না। গুগল এখনো পুরো প্রক্রিয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি। তবে প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে প্রযুক্তিবিষয়ক বিশ্লেষকেরা মনে করছেন, এতে ব্যবহারকারীর ফোন ও ওয়েব কার্যক্রমের মধ্যে সরাসরি সংযোগ তৈরি হতে পারে। এ কারণেই গোপনীয়তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে প্রকাশিত একটি পোস্টে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ‘গিব মি গোল্ড’ নামের এক ব্যবহারকারী ডি–গুগল সাবরেডিটে দাবি করেন, ভবিষ্যতে ছবি দেখে যানবাহন বা বস্তু শনাক্ত করার বদলে কিউআর কোড স্ক্যান করে যাচাই করা হতে পারে। এ পদ্ধতি প্রথম দেখায় সুবিধাজনক মনে হতে পারে, কারণ ব্যবহারকারীদের আর বিরক্তিকর ছবি নির্বাচন করতে হবে না। তবে এর বিনিময়ে ওয়েব কার্যক্রম সরাসরি অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে সার্ভিসেসের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ ওয়েবসাইটে প্রবেশের সময় ফোন ও ব্রাউজিংয়ের মধ্যে সম্পর্ক তৈরি হবে। এমনকি ব্রাউজারে গুগল অ্যাকাউন্টে সাইন–ইন না থাকলেও এ সংযোগ ঘটতে পারে। কারণ অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে সার্ভিসেস ব্যবহারের জন্য সাধারণত গুগল অ্যাকাউন্টে যুক্ত থাকতে হয়।
এ নতুন পদ্ধতি ডি–গুগলড ফোনের ব্যবহারকারীদের জন্য নতুন সমস্যা তৈরি করতে পারে। গ্রাফিনওএসের মতো কাস্টম রম ব্যবহার করা ফোনে গুগলের অ্যাপ বা গুগল প্লে সার্ভিসেস থাকে না। ফলে সেসব ডিভাইসে কিউআর কোডভিত্তিক যাচাই কার্যকর না হতে পারে।
সূত্র: ইন্ডিয়া টুডে






