ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ফিল্ডিং কোচ কার্ল হপকিনসন আইপিএলে ব্যস্ত থাকায় তাঁর জায়গায় সাবেক নারী ক্রিকেটার সারা টেলর দায়িত্ব নিয়েছেন। ৩৭ বছর বয়সী টেলর আসন্ন ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে বেন স্টোকসের নেতৃত্বাধীন দলে কাজ করবেন।
ইংল্যান্ডের হয়ে ২২৬ ম্যাচ খেলা টেলরের পুরুষ দলে কাজ করার অভিজ্ঞতা আছে। তিনি ইংল্যান্ড লায়ন্সে (‘এ’ দল) অ্যান্ড্রু ফ্লিনটফের কোচিং স্টাফে কাজ করেছিলেন। এই অভিজ্ঞতাই তাঁকে জাতীয় টেস্ট দলে সুযোগ এনে দিয়েছে।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে কোনো সিনিয়র পুরুষ আন্তর্জাতিক দলে টেলরই প্রথম নারী কোচ।
২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণকারী টেলর খেলোয়াড়ি জীবনে বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার হিসেবে পরিচিত ছিলেন। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ২০১৭ বিশ্বকাপ জিতেছেন। অবসরের পর কাউন্টি দল সাসেক্স ও ম্যানচেস্টার অরিজিনালসের পুরুষ দলে কাজ করেছিলেন।
টেলরকে বেন স্টোকসের জাতীয় দলে সুযোগ দেওয়ার খবর জানিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট পরিচালক রব কি বলেন, ‘আমি মনে করি তিনি যা করেন, তাতে তিনি এই জগতের সেরাদের একজন। তিনি অসাধারণ কাজ করেছেন এবং অ্যান্ড্রু ফ্লিনটফ ও এড বার্নির (পারফরম্যান্স ডিরেক্টর) সঙ্গে অনেক কাজ করেছেন।’
সর্বশেষ অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে পরাজয়ের কারণে ইংল্যান্ডের ফিল্ডিং নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। সেই সিরিজে ফিল্ডিং কোচ ছাড়া যাওয়ায় ইংল্যান্ড মোট ১১টি ক্যাচ মিস করেছিল।
সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের তিন টেস্টের সিরিজ শুরু হবে ৪ জুন লর্ডস টেস্ট দিয়ে।






