সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অলটারনেটিভ মেডিকেল কেয়ার ইউনিটের ৪২ জন শিক্ষক ও চিকিৎসক ২২ মাসের বকেয়া বেতন এবং চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবিতে কর্মবিরতি পালন করেছেন।

বুধবার মিরপুরে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে তারা এ কর্মসূচি অবলম্বন করেন। পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

কর্মবিরতি পালনকারী শিক্ষক ও চিকিৎসকেরা জানান, সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ১৯৮৩ সালে দেশীয় চিকিৎসাপদ্ধতির উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় শুরু হয়। এখানে বিইউএমএস ও বিএএমএস কোর্স দুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে অনুপাঠিত ছাত্রছাত্রীরা ভর্তি পরীক্ষার মাধ্যমে এই কোর্স দুটিতে ভর্তি হওয়ার সুযোগ পান। একাডেমিক ৫ বছরের পড়াশোনা এবং ১ বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপ সম্পন্ন করার পর তারা সনদ লাভ করেন। ২০১৪ ও ২০১৫ সালে তৃতীয় সেক্টর প্রোগ্রামের অধীনে অলটারনেটিভ মেডিকেল কেয়ার অপারেশনাল প্ল্যানে এই প্রতিষ্ঠানে ইউনানি শাখায় ১২ জন এবং আয়ুর্বেদিক শাখায় ১৭ জনকে নিয়োগ দেওয়া হয়। ২০২১ সালে চতুর্থ সেক্টর প্রোগ্রামে ইউনানি শাখায় ৯ জন এবং আয়ুর্বেদিক শাখায় ৪ জন শিক্ষক ও চিকিৎসক কর্মকর্তাকে নিয়োগ করা হয়। এই ৪২ জনের বাইরে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০০–এর বেশি মেডিকেল কর্মকর্তা কর্মরত রয়েছেন।

আন্দোলনরত শিক্ষক ও চিকিৎসকেরা বলেন, আগে তাঁদের চাকরি রাজস্ব খাতে নেওয়ার প্রয়োজনীয়তা জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি। উপরন্তু ২২ মাস ধরে তাঁদের বেতন-ভাতা বন্ধ রয়েছে, যদিও তারা নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন।