রাজধানী ম্যানিলার পার্লামেন্ট ভবনে একজন সিনেটর আশ্রয় নেওয়ার পর গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ বুধবার রাতে এ ঘটনা ঘটে। তখন পার্লামেন্ট ভবনে উপস্থিত সিনেটররা আত্মরক্ষার জন্য নিজ নিজ কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন।
আশ্রয় নেওয়া সিনেটর রোনাল্ড দেলা রোসা। তিনি সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তাতের মাদকবিরোধী অভিযানের প্রধান বাস্তবায়নকারী কর্মকর্তা ছিলেন। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানা আছে। গ্রেপ্তার এড়াতে তিনি পার্লামেন্ট ভবনে আশ্রয় নেন।
ঘটনাস্থলে উপস্থিত এএফপির সাংবাদিকদের বক্তব্য, বন্দুক ও সুরক্ষা সরঞ্জামে সজ্জিত বন্দুকধারীরা পার্লামেন্ট ভবনের সিঁড়ি বেয়ে ওপরে উঠছিলেন। কয়েক মিনিট পর অন্তত পাঁচটি গুলির শব্দ শোনা যায়। গুলির ঘটনার পর রোনাল্ড দেলা রোসা কোথায় ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গোলাগুলির কয়েক মিনিট পর ঘটনাস্থলে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ানিতো ভিক্তর রেমুলা। তিনি বলেন, তখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কেউ আহত হননি। কারা গুলি চালিয়েছে, তা–ও নিশ্চিত হওয়া যায়নি। বন্দুকধারীদের খুঁজতে সমুদ্রের তীরের পার্লামেন্ট ভবনে তল্লাশি চালাচ্ছেন পুলিশ সদস্যরা।
এর আগে আজ ফিলিপাইনের সেনাবাহিনীর প্রতি সিনেটর রোসা আহ্বান জানান, তারা যেন তাঁর গ্রেপ্তারের বিরোধিতা করে। রোসা ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় পুলিশপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় দুতার্তের মাদকবিরোধী অভিযানের প্রাথমিক পর্যায় চলছিল।
মানবাধিকার পর্যবেক্ষকদের মতে, দুতার্তের মাদকবিরোধী অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। তাঁদের অনেকে মাদকের বড় কোনো কারবারী ছিলেন। ছিলেন ব্যবহারকারী ও ছোট–খোট মাদক কারবারি।
দুতার্তেকে গত বছরের মার্চে গ্রেপ্তার করে দ্য হেগে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে বিচারের অপেক্ষায় আটক আছেন।






