দেশজুড়ে চলমান ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতার ঢাকা ও নরসিংদীর আঞ্চলিক পর্ব শুরু হচ্ছে। ‘দেখাও যত প্রতিভা তোমার’ স্লোগানে চালু এই প্রতিযোগিতা আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়। এবার রাজধানী ও নরসিংদীর শিক্ষার্থীরা তাদের মেধা প্রদর্শন করবে।
আয়োজক সূত্রে জানা গেছে, ১৫ মে শুক্রবার সকাল আটটায় ঢাকার মতিঝিল ও শাহজাহানপুর থানার শিক্ষার্থীদের প্রতিযোগিতা শুরু হবে কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। একই দিন রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি কলোনী উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে শেরেবাংলা নগর, কাফরুল ও মিরপুর মডেল থানার নির্দিষ্ট এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেবে।
পরের দিন ১৬ মে শনিবার নরসিংদীর আঞ্চলিক পর্ব হয়বে ঘোড়াদিয়া উচ্চবিদ্যালয়ে। পুটিয়া বাজার রোড এলাকার এই স্থানে নরসিংদী জেলার সব স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। ঢাকার বাকি অঞ্চলের সময়সূচি শীঘ্রই জানানো হবে।
ইতিমধ্যে চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের প্রায় সব জেলায় আঞ্চলিক পর্ব সফলভাবে শেষ হয়েছে। বিশেষ করে ঢাকার মোহাম্মদপুর, আদাবর, সবুজবাগ, মুগদা, মিরপুর মডেল থানার একাংশ, দারুসসালাম, উত্তরা, ডেমরা, রূপগঞ্জ, নিউমার্কেট, লালবাগ, ভাটারা, কাফরুল, ক্যান্টনমেন্ট, ভাষানটেক, ওয়ারী, সূত্রাপুর, যাত্রাবাড়ী, ধানমন্ডি, হাজারীবাগ, রমনা, হাতিরঝিল, তেজগাঁও, মিরপুর-১১ ও ১২, রূপনগর ও পল্লবীসহ অধিকাংশ এলাকায় অডিশন সম্পন্ন হয়েছে। সারা দেশে মোট ১০০টি স্থানে এই প্রতিযোগিতা চলছে।
প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে বিভক্ত: প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত জুনিয়র স্কুল গ্রুপ, পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মিডল স্কুল গ্রুপ এবং নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত হাইস্কুল ও কলেজ গ্রুপ। গান, নাচ, অভিনয়, আবৃত্তি, চিত্রাঙ্কনের পাশাপাশি ছোটদের জন্য গল্প বলা এবং বড়দের জন্য উপস্থিত বক্তৃতা রয়েছে।
বিজয়ীরা পাবে উল্লেখযোগ্য শিক্ষাবৃত্তি। তিনটি গ্রুপ থেকে সেরা তিন অলরাউন্ডার প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকা করে। গ্র্যান্ড ফিনালে তিনটি গ্রুপের ফার্স্ট রানারআপ ও সেকেন্ড রানারআপ যথাক্রমে ৫ লাখ ও ৩ লাখ টাকা পাবে।
এছাড়া ৫৪ জন সেরা পারফর্মারকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক দেওয়া হবে। জাতীয় চ্যাম্পিয়নদের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কম্পিউটার উপহার রয়েছে। মোট উপহার ও বৃত্তির মূল্য ১ কোটি টাকার বেশি।
আয়োজকদের মতে, ‘মার্কস অলরাউন্ডার’ কেবল জয়-পরাজয়ের মঞ্চ নয়, বরং শিশু-কিশোরদের সৃজনশীলতা শাণিত করে তাদের আগামীর পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার একটি অনন্য ক্যানভাস। বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশনের জন্য www.marksallrounder.com দেখুন। প্রয়োজনে সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে ০৯৬১৪৫১৬১৭১ নম্বরে যোগাযোগ করুন।






