রসায়ন: সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
প্রশ্ন: ‘CH3-CH2-OH হাইড্রোকার্বন নয়’—কেন?
উত্তর: হাইড্রোকার্বনের সংজ্ঞানুসারে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত জৈব যৌগগুলোকে হাইড্রোকার্বন বলা হয়। কিন্তু CH3-CH2-OH যৌগে কার্বন ও হাইড্রোজেনের পাশাপাশি অক্সিজেনও রয়েছে। তাই এই যৌগটি হাইড্রোকার্বন নয়।
প্রশ্ন: অ্যালকেনের অপূর্ণ দহন পরিবেশের জন্য অধিক ক্ষতিকারক কেন?
উত্তর: দহন বিক্রিয়ায় যদি পর্যাপ্ত অক্সিজেন না পাওয়া যায়, তাহলে অ্যালকেনের অপূর্ণ দহন ঘটে এবং এতে বিষাক্ত CO ও C উৎপন্ন হয়।
2CH4+3O2→2CO+4H2O+ তাপশক্তি
CH4+O2→C+2H2O+ তাপশক্তি
কার্বন মনোক্সাইড (CO) গ্যাস রক্তের অক্সিজেন শোষণ ক্ষমতা কমিয়ে দেয়। কার্বন কণা কালি আকারে জমা হয়। কারখানা ও যানবাহন থেকে নির্গত কার্বন কণাযুক্ত ধোঁয়া পরিবেশ দূষিত করে। অপূর্ণ দহনে কম তাপশক্তি পাওয়া যায়, ফলে অধিক জ্বালানি লাগে এবং বৈশ্বিক উষ্ণায়ন ত্বরান্বিত হয়। এসব কারণে অ্যালকেনের অপূর্ণ দহন পরিবেশের জন্য বেশি ক্ষতিকর।
প্রশ্ন: ‘ইথানল দহন বিক্রিয়া দেয়’—ব্যাখ্যা করো।
উত্তর: অক্সিজেনের উপস্থিতিতে কোনো পদার্থ পোড়ানোকে দহন বিক্রিয়া বলে। ইথানল এই বিক্রিয়া দেয় এবং এতে তাপশক্তি উৎপন্ন হয়।
CH3CH2OH+3O2→2CO2+3H2O+তাপশক্তি।
প্রশ্ন: উভমুখী বিক্রিয়াকে একমুখীকরণ ব্যাখ্যা করো।
উত্তর: উভমুখী বিক্রিয়াকে বিভিন্ন পদ্ধতিতে একমুখী করা সম্ভব। যদি কোনো উভমুখী বিক্রিয়ায় উৎপাদককে ক্রমাগত বিক্রিয়াস্থল থেকে সরিয়ে নেওয়া হয়, তাহলে বিপরীত বিক্রিয়া ঘটতে পারে না এবং সাম্যাবস্থা ভঙ্গ হয়। উদাহরণস্বরূপ, জিংক ও সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেন গ্যাস আলাদা করে সংগ্রহ করলে বিক্রিয়া একমুখী হয়।
Zn+H2SO4→ZnSO4+H2
এছাড়া, খোলা পাত্রে বিক্রিয়া সংঘটিত হলে এবং উৎপাদ গ্যাসীয় হলে উভমুখী বিক্রিয়া একমুখী হয়।
- এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা






