জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেছেন, বর্তমান সরকার নাগরিকের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। তিনি উল্লেখ করেন, সারা দেশে খুন, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়েছে।
গাজীপুরে একই পরিবারের পাঁচজনের নৃশংস হত্যাকাণ্ড, রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই এবং দেশের বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজির ঘটনা বাড়ার উদাহরণ তুলে আরিফুল বলেন, এসব ঘটনা জনগণের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, অন্যান্য বিষয়ে অতিরিক্ত মনোযোগ না দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।
আজ বুধবার বিকেলে রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে ‘শিশুর জীবন ও নিরাপত্তায় নাগরিক মানববন্ধন’ শীর্ষক কর্মসূচিতে আরিফুল ইসলাম এসব কথা বলেন। হামে শিশুমৃত্যুর ক্রমবর্ধমান হার, টিকাদান ব্যবস্থার দুর্বলতা, সারা দেশে হত্যা, ছিনতাই, চাঁদাবাজির ঘটনা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এনসিপির ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও জোন এই কর্মসূচির আয়োজন করে।
মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, দেশে হামে শিশুমৃত্যুর হার বর্তমানে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একে অপরের ওপর দোষারোপ না করে অবিলম্বে কার্যকর পদক্ষেপের মাধ্যমে শিশুমৃত্যুর হার নিয়ন্ত্রণে আনতে হবে। অন্তর্বর্তী সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য খাত-সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় এনে বিভাগীয় তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সীমান্ত হত্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এনসিপির এই নেতা সরকারের প্রতি আহ্বান জানান, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।
মানবন্ধনে অন্যদের মধ্যে এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর, দলের যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহমেদ প্রমুখ বক্তব্য দেন।






