কুরাসাও ফুটবল দল বিশ্বকাপে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে রেকর্ড গড়েছে। এবার এই দলের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ৭৮ বছর বয়সী ডাচ কোচ ডিক অ্যাডভোকাট, যিনি বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক কোচ হতে যাচ্ছেন। কুরাসাও ফুটবল ফেডারেশন (এফএফকে) বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের এক মাস আগে তাঁকে দায়িত্ব দিয়েছে।
গত বছর অ্যাডভোকাটের নেতৃত্বেই ১ লাখ ৮৫ হাজার জনসংখ্যার কুরাসাও বিশ্বকাপের টিকিট কাটে। তবে এ বছরের শুরুতে মেয়ের অসুস্থতার কারণে তিনি দলের দায়িত্ব ছাড়েন। ফেব্রুয়ারিতে কুরাসাওর কোচ হন ৬৩ বছর বয়সী ফ্রেড রুটেন। কিন্তু তার অধীনে দলে অস্থিরতা দেখা দেয় বলে গুঞ্জন ছড়ায়। রোববার এফএফকে জানায়, ‘গঠনমূলক আলোচনার’ মাধ্যমে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রুটেন। পরে ফেডারেশনের প্রেসিডেন্ট গিলবার্ট মার্টিনা ইএসপিএনকে বলেন, ‘যে কোনো দলেই পরিবর্তন হলে একধরনের মতভিন্নতা তৈরি হয়। ডিকের কোচিং স্টাইল ছিল একরকম, রুটেনের সম্পূর্ণ ভিন্ন।’
রুটেনের অধীনে মার্চে কুরাসাও দুটি ম্যাচ খেলে, দুটিতেই হারে। অস্ট্রেলিয়ার কাছে ৫-১ গোলে এবং চীনের কাছে ২-০ ব্যবধানে। ধারণা করা হচ্ছে, অ্যাডভোকাটকে ফেরানোর জন্যই রুটেনকে সরানো হয়েছে।
১৯৮০ সালে পেশাদার কোচিংয়ে প্রবেশকারী অ্যাডভোকাট ২০২৪ সালে প্রথম কুরাসাওর দায়িত্ব নেন, যা তাঁর ২৮ নম্বর চাকরি। অ্যাডভোকাট এর আগে ১৯৯৪ বিশ্বকাপে নেদারল্যান্ডস এবং ২০০৬ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার কোচ ছিলেন। জাতীয় দল পর্যায়ে কোচিং করেছেন বেলজিয়াম, সার্বিয়া, রাশিয়া, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতকেও। ক্লাব পর্যায়ে পিএসভি, ফেনেরবাচে, মনশেনগ্লাডবাখ, ফেইনুর্ডের মতো ক্লাবে কাজ করেছেন।
নেদারল্যান্ডসের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অ্যাডভোকাটের মেয়ের শারীরিক অবস্থার উন্নতি ঘটায় তিনি আবার কোচিংয়ে ফিরেছেন। কুরাসাও ফুটবল ফেডারেশনের প্রধান জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে স্কটল্যান্ডে একটি প্রীতি ম্যাচ খেলতে যাবে কুরাসাও। বিশ্বকাপে দলটি ‘ই’ গ্রুপে জার্মানি, ইকুয়েডর ও আইভরিকোস্টের সঙ্গে খেলবে। আগামী ১৪ জুন প্রথম ম্যাচে প্রতিপক্ষ জার্মানি।






