পাকিস্তানের বিরুদ্ধে মিরপুরে অসাধারণ এক টেস্ট জয়ের পর বাংলাদেশী ক্রিকেটাররা আইসিসি র‍্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে। দ্বিতীয় ইনিংসে ১৩ রানের জন্য জোড়া সেঞ্চুরির সুযোগ হারানো নাজমুল হোসেন ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামিয়েছিলেন ফাস্ট বোলার নাহিদ রানা এবং বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও ক্যারিয়ার সর্বোচ্চ অবস্থান অর্জন করেছেন।

প্রথম ইনিংসে ১০১ ও দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করে নাজমুল ১৬ ধাপ এগিয়ে এখন ২৩ নম্বরে রয়েছেন। এর আগে তাঁর সেরা অবস্থান ছিল ২৮। বর্তমান র‍্যাঙ্কিংয়ে নাজমুলই বাংলাদেশের শীর্ষ ব্যাটসম্যান।

নাজমুলের পর সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠেছেন। দুই ইনিংসে ৭১ ও ২২ রান করেছেন মুশফিক, যাঁর ক্যারিয়ার সর্বোচ্চ র‍্যাঙ্কিং ১৭। এরপর দুই ইনিংসেই ফিফটি করে ১২ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে রয়েছেন মুমিনুল হক। টেস্টে টানা পাঁচ ইনিংসে ৫০ ছাড়ানোর বাংলাদেশ রেকর্ড গড়েছেন মুমিনুল। তবে বাংলাদেশের অন্যান্য টপ অর্ডার ব্যাটসম্যানরা পিছিয়ে গেছেন।

বোলিং র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানা পাঁচ ধাপ এগিয়ে ৬৪ নম্বরে উঠেছেন, যদিও তিনি বাংলাদেশের শীর্ষ পাঁচের বাইরে। প্রথম টেস্টে ২ উইকেট নেওয়া তাইজুল তিন ধাপ উন্নতি করে ক্যারিয়ার সেরা ১৩ নম্বরে পৌঁছেছেন। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে ১৪ নম্বরে উঠেছিলেন তাইজুল। মেহেদী হাসান মিরাজ প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেও বোলিংয়ে আগের মতোই ২৭ নম্বরে রয়েছেন। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে চার নম্বরে এসেছেন মিরাজ।

নাহিদ রানা: ‘দেখুন, এখন আমরাও পারি’।

টেস্ট ব্যাটিংয়ে ইংল্যান্ডের জো রুট, বোলিংয়ে ভারতের যশপ্রীত বুমরা এবং অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ভারতের রবীন্দ্র জাদেজা এক নম্বরে রয়েছেন।