সূচি অনুযায়ী ১৯ মে কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে ইউনাইটেড হেলথকেয়ার ফেডারেশন কাপ ২০২৫-২৬-এর ফাইনাল। কিন্তু বসুন্ধরা কিংসের বিপক্ষে তাদেরই মাঠে ম্যাচ খেলতে অস্বীকার করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক চিঠিতে তারা ম্যাচটি অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের দাবি জানিয়েছে। মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত চিঠিতে লেখা হয়েছে, ‘মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড কর্তৃপক্ষ এবং ক্লাবের অগণিত সমর্থক অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রত্যাশা করে যে ইউনাইটেড হেলথকেয়ার ফেডারেশন কাপ ২০২৫-২৬–এর ফাইনাল ম্যাচটি একটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হোক।’

কিংস অ্যারেনায় খেলার বিরোধিতার পেছনে মাঠটিতে অতীতে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করেছে মোহামেডান। চিঠিতে বলা হয়েছে, ‘বিগত বিপিএলের একাধিক খেলায় বসুন্ধরার মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ও সমর্থকদের প্রতি মারমুখী ও বিরূপ আচরণ পরিলক্ষিত হয়েছে, যা ইতিপূর্বে দুটি চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।’ এই ‘তিক্ত অভিজ্ঞতার’ কারণে তারা ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উৎসবমুখর’ ফাইনালের জন্য নিরপেক্ষ ভেন্যু দাবি করেছে।

ভেন্যু নিয়ে মোহামেডানের অটল অবস্থানের কথা মুক্তকণ্ঠকে জানিয়েছেন দলটির টিম ম্যানেজার ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, ‘প্রয়োজনে গাজীপুরে গিয়ে খেলব কিংবা মুন্সিগঞ্জে। মানিকগঞ্জেও হতে পারে। যদি ফাইনালে আবাহনী উঠত বা অন্য কোনো দল, তাহলে কিংস অ্যারেনায় খেলতাম। কিন্তু ওটা (কিংস অ্যারেনা) তো তাদের (বসুন্ধরা কিংস) হোম ভেন্যু।’ তবে মোহামেডানের হোম ভেন্যু কুমিল্লায়ও ম্যাচ না হোক তারা চায়।

মোহামেডানের চিঠি নিয়ে বাফুফের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।