ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর মিরপুর বিভাগে বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৭৫ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার দিনভর মিরপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। জননিরাপত্তা নিশ্চিত করা, মাদক নির্মূল এবং চাঁদাবাজি ও সন্ত্রাস দমনের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানা এলাকা থেকে ৫০ জন, পল্লবী থানা থেকে ২৪ জন, কাফরুল থানা থেকে ১৫ জন, শাহআলী থানা থেকে ১৬ জন, দারুস সালাম থানা থেকে ৪৪ জন, ভাষানটেক থানা থেকে ১০ জন এবং রূপনগর থানা থেকে ১৬ জন রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতে হাজির করা হয়েছে।