বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তিন সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমকে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত করা হয়েছে। কমিশনের অন্য দুজন সদস্য হলেন গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক ও সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।
এই তিন সদস্যের কমিশন বিসিবি নির্বাচনের সব প্রক্রিয়া এবং আইনি বিষয়গুলোর তদারকি করবে বলে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কমিশনে দুজন বিসিবি এবং একজন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে সদস্য নিযুক্ত হয়েছেন। যদিও পরিচালনা পর্ষদ নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি, তবে কাউন্সিলরদের তালিকা চেয়ে বিসিবি ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে।
গত বছর অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদে ২৫ পরিচালক মনোনীত হন। তাঁদের ভোটে সভাপতি নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। তবে ওই নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে গত ৭ এপ্রিল আমিনুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।
সেদিনই জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। তাঁদের তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতাও দেয় এনএসসি। কিছুদিন আগে তামিম জানান, জুনের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে হতে পারে নির্বাচন।






