জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচের ঘোষণা নির্ধারিত ১৫ মে হলেও আজ হঠাৎ জাতীয় দল কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। বাফুফে সভাপতি ও কমিটির প্রধান তাবিথ আউয়ালের উপস্থিতিতে অনলাইনে এ সভা অনুষ্ঠিত হবে।

কমিটির একাধিক সূত্র জানিয়েছে, সাক্ষাৎকার নেওয়া ১১ জনের মধ্যে থেকে ছয়জনের নাম সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছিল। কিন্তু এখন সেই তালিকায় আরও দুই-একজন নতুন প্রার্থীর নাম যুক্ত হয়েছে। এ নতুন প্রার্থীদের যোগ হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাফুফের জন্য কিছুটা জটিল হয়ে পড়েছে। কমিটির দুজন সদস্য জানিয়েছেন, বেলা ৩টায় জুম মিটিং ডাকা হয়েছে। আজকের সভায় কোচ চূড়ান্ত হবে কি না, তা নিশ্চিত নন কর্মকর্তারা। সম্ভবত আরেক দফা পর্যালোচনার জন্যই এই জরুরি সভা।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর হাভিয়ের কাবরেরার ৫২ মাসের মেয়াদ শেষ হওয়ার পর নতুন প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করে বাফুফে। কোচের পদের জন্য মোট ২৩০টি আবেদনপত্র জমা পড়েছিল। ধাপে ধাপে সেগুলো ১০০, ২৩ এবং পরে ১১ জনে নামিয়ে আনা হয়। গত পরশু জাতীয় দল কমিটির সর্বশেষ সভার সূত্রমতে, ওয়েলস জাতীয় দলের সাবেক কোচ ক্রিস কোলম্যান বর্তমানে কোচ হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে। শেষ পর্যন্ত কোলম্যান নাকি অন্য কেউ নিয়োগ পাবেন, সেটিই এখন দেখার বিষয়।