ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন ফি ১৫০০ টাকা। ১২ মে থেকে শুরু হয়ে প্রক্রিয়া চলবে ২২ জুন ২০২৬ পর্যন্ত।
আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম পরীক্ষা কমিটি-২০২৬ (২০২৫-২৬)-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের বিভিন্ন অনুষদের অধীন বিভাগগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তির জন্য ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এর প্রেক্ষিতে যোগ্য বাংলাদেশি প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। অনলাইন আবেদন ফর্ম ও ভর্তি-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে https://admission.duetbd.org/ ওয়েবসাইটে। ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা রকেট, বিকাশ বা অগ্রণী এডুকেশন ফি পে-মোবাইল বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।
ক. প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে;
খ. প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল বা সমমানের পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অথবা ৫.০০–এর স্কেলে ন্যূনতম জিপিএ ৩.০০ (ঐচ্ছিক বিষয়সহ) পেয়ে উত্তীর্ণ হতে হবে;
গ. প্রার্থীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা-ইন-অ্যাগ্রিকালচার/ডিপ্লোমা ইন আর্কিটেকচারে গড়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা ৪.০০–এর স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে;
ঘ. ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা-ইন-অ্যাগ্রিকালচার/ডিপ্লোমা-ইন-আর্কিটেকচার পরীক্ষা ২০২৪ ও তৎপরবর্তী সনে উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, সেক্টর কর্পোরেশনে শিক্ষকতাসহ অন্যান্য পদে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না;
ঙ. ভর্তি পরীক্ষা-২০২৬ (শিক্ষাবর্ষ: ২০২৫-২৬) প্রসপেক্টাসের ৪(ক) ছক অনুযায়ী উল্লেখিত বিভাগসমূহে ভর্তির জন্য আবেদন করা যাবে;
চ. একাধিক বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীকে পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে। তবে ME/IPE/MME বিভাগে আবেদনকারীদের জন্য একটিমাত্র আবেদন করতে হবে এবং উক্ত তিন বিভাগের জন্য পছন্দক্রম নির্বাচন করতে হবে; এবং
ছ. চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।






