চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের তারিখ নির্ধারণ হয়েছে। আগামী ২ জুলাই এই অনুষ্ঠানের পর ৫ জুলাই থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। গত বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৬৪তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন মুক্তকণ্ঠকে বলেন, “আমাদের ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন। ৯৩১টি আসনই পূর্ণ হয়েছে, আপাতত কোনো ফাঁকা নেই। যদি ফাঁকা হয়, তবে মেধাতালিকা অনুযায়ী ডাকা হবে।”
উল্লেখ্য, আগে গত ২৩ জানুয়ারি ভর্তি পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা হয়। ২৫ ফেব্রুয়ারি থেকে প্রথম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু হয়। এ বছর বিশ্ববিদ্যালয়ে ৯৩১টি আসনে শিক্ষার্থীরা ভর্তি হচ্ছেন।






