খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয় মাইল এলাকায় গাছ থেকে আম পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র মিতশু ত্রিপুরা (১২) নামক এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সুপেন ত্রিপুরার ছেলে মিতশু উপজেলার নয় মাইল জুনিয়র স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।
নয় মাইল জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক তপু ত্রিপুরা জানান, মঙ্গলবার বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে বের হয়েছিলেন মিতশু। সন্ধ্যায় তার বন্ধু বিনয় ত্রিপুরার সঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে দুজনে একটি গাছে উঠে আম পাড়ার চেষ্টা করলে গাছের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিতশু ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা বলেন, দীঘিনালা থেকে সন্ধ্যায় মিতশু ত্রিপুরাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।






