পুরান ঢাকার বংশালে একটি বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ী নেসার আলীর লাশ পুলিশ উদ্ধার করেছে। আজ মঙ্গলবার বিকেলে বংশাল থানা এলাকার বাগডাসা লেইনের একটি বাসা থেকে লাশটি পাওয়া যায়। তাঁর মুখে কাপড় ঢোকানো ছিল।

পুলিশের জানামতে, মৃত নেসার আলী (৫০) পাঁচতলা একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত একটি কক্ষে তিন মাস ধরে ভাড়াটে হিসেবে থাকতেন। তাঁর বাড়ি যশোরের শার্শার শ্যামলগাছিতে। তাঁর এক কলেজপড়ুয়া ছেলে ঢাকার মানিকনগরে বসবাস করেন।

লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, "ব্যবসায়ী নেসার আলী ওই বাসায় একাই থাকতেন। সোমবার রাত ১১টা থেকে আজ বেলা ১টার মধ্যে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।"

পুলিশের তথ্য অনুযায়ী, আজ দুপুরে বাড়ির মালিক মোহাম্মদ হোসেন দ্বিতীয় তলায় নেসার আলীর কক্ষে আলো জ্বলতে দেখে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে তিনি জানালার পর্দা সরিয়ে দেখেন, খাটের উপর নেসার আলী নিথর অবস্থায় পড়ে আছেন। এরপর তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানান। পুলিশের উপস্থিতিতে লাশ উদ্ধার করা হয়।