২০২৬ বিশ্বকাপের ছায়া ঘাড়ের উপর এসে পড়েছে। এদিকে স্পেনের জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে চোটাকাটা নিয়ে উদ্বিগ্ন। ক্লাব মৌসুম শেষ হওয়ার আগে খেলোয়াড়দের ফিট রাখাই এখন তাঁদের প্রধান চিন্তা।
দুই স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের চোট ফুয়েন্তেকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। ১৮ বছর বয়সী তারকা ইয়ামাল হ্যামস্ট্রিং চোটে এপ্রিলের শেষ দিক থেকে বার্সেলোনার মাঠের বাইরে। ক্লাব মৌসুমের বাকি অংশ তিনি দর্শকের আসনে কাটাচ্ছেন। তবে বার্সেলোনা আশ্বাস দিয়েছে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বিশ্বকাপ শুরুর আগেই ইয়ামাল সুস্থ হয়ে উঠবেন।
ইয়ামাল ছাড়াও অন্যান্য খেলোয়াড় নিয়েও চিন্তা। অ্যাথলেটিক বিলবাওর নিকো উইলিয়ামস গত রোববার পেশির চোটে পড়েছেন। আর্সেনালের মিডফিল্ডার মিকেল মেরিনো তিন মাস আগে ডান পা ভেঙে মাঠছাড়া হয়েছেন। তিনজনকেই ফুয়েন্তের বিশ্বকাপ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে।
মাদ্রিদে গতকাল সাংবাদিকদের সামনে ফুয়েন্তে আশার কথা বলেছেন, “আমার বিশ্বাস, যাদের নাম নেওয়া হয়েছে, তারা সবাই বিশ্বকাপের শুরু থেকেই ফিট থাকবে। এমনকি প্রথম ম্যাচ থেকেই তাদের পাওয়ার আশা করছি।”
তবে পরে তিনি যোগ করেছেন, “প্রথম ম্যাচে না হলেও দ্বিতীয় বা তৃতীয় ম্যাচে অবশ্যই পাব। এটা বড় কোনো সমস্যা তৈরি করবে না।” চোটের বিষয়ে তিনি বলেছেন, “চোট হলো খেলাধুলার বড় ট্র্যাজেডি। বিশেষ করে এই গুরুত্বপূর্ণ সময়ে। এখন যেকোনো ছোট পেশির চোট থেকে সেরে ওঠাও সত্যিই কঠিন।”
ফুয়েন্তে জানিয়েছেন, বিশ্বকাপে স্পেনের মূল দলে থাকবেন ২৬ জন খেলোয়াড়। তবে ৪ জুন ইরাকের বিপক্ষে প্রীতি ম্যাচে অতিরিক্ত খেলোয়াড় রাখা হবে। ২০১০-এর চ্যাম্পিয়ন স্পেন আগামী ১৫ জুন আটলান্টায় কেপ ভার্দের সঙ্গে খেলে বিশ্বকাপ অভিযান শুরু করবে। ‘সি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে ও সৌদি আরব।






