ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম সামার-২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১১ মে) রাজধানীর সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের শিক্ষাজীবনের আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অভিনয়শিল্পী জাহিদ হাসান উপস্থিত ছিলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম আর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তারাও অংশ নেন। ভিডিও বার্তার মাধ্যমে শিক্ষার্থীদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান।
অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্সের তত্ত্বাবধানে ‘ক্লাব রিক্রুটমেন্ট প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাব অংশ নেয়। বিভিন্ন ক্লাবের বুথ থেকে শিক্ষার্থীরা পছন্দমতো ক্লাবে সদস্য হিসেবে যোগদানের সুযোগ পান।
অনুষ্ঠানের আকর্ষণীয় অংশ ছিল বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের সফল অ্যালামনাইদের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় সেশন। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন র্যাঙ্কন অটো ডিভিশন-২-এর ক্রিয়েটিভ লিড এ স এম আরিফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) ইউথ অ্যান্ড এডোলেসেন্ট প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর এবং অ্যাস্ট্রাজেনেকার ইউথ হেলথ প্রোগ্রামের অ্যাডভাইজরি বোর্ড সদস্য মেহেদী হাসান বাপ্পি, জনতা ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার নুসরাত জাহান এবং আকন্দ ইঞ্জিনিয়ারিংয়ের সিইও এ এম তাজউদ্দিন আহমেদ। বক্তারা নিজেদের বাস্তব কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করেন এবং ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠান শুরুতে নবীনদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। অতিথিরা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করেন। গত সেমিস্টারের কৃতী শিক্ষার্থীদের সম্মানিত করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠান সমাপ্ত হয়।






