চট্টগ্রামের ফটিকছড়িতে ক্রেতা সেজে এক নারী গয়নার দোকানে ঢুকে কর্মচারীদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা ছিনতাইয়ের চেষ্টা করেন। কর্মচারীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আজ মঙ্গলবার দুপুরে ফটিকছড়ি উপজেলার পৌর সদরের বিবির হাটের নিউ টুনটু জুয়েলার্সে এ ঘটনা ঘটে। দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, বোরকা পরা ওই নারী ক্রেতা সেজে সোনার হার ও চুড়ি দেখতে দেখতে কর্মচারীদের চোখেমুখে মরিচের গুঁড়া ছিটান। এর সুযোগে বের করা গয়না কেড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু কর্মচারীরা চোখের জ্বালা সত্ত্বেও তাকে দোকান থেকে বের হতে দেন না। বারবার ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। পরে পুলিশ এসে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, আটক নারীর নাম সালমা আকতার। তিনি ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা হলেও হাটহাজারী উপজেলা সদরের ভাড়া বাসায় থাকেন। গতকাল সোমবার তিনি উপজেলার আরেকটি জুয়েলার্সে চুরি করেছিলেন বলে অভিযোগ আছে।
দোকানের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ২টার দিকে বোরকা পরা এই নারী ক্রেতা সেজে দোকানে আসেন। সোনার গয়না দেখাতে বলেন। শোকেস খুলে চুড়ি, কানের দুল ও হার বের করলে হঠাৎ মরিচের গুঁড়া ছিটিয়ে দেন তাঁদের চোখেমুখে। এ সময় প্রায় সাড়ে তিন ভরি সোনা দিয়ে তৈরি গয়না ছিনিয়ে নেন। এক কর্মচারী কৌশলে তার দুই হাত ধরে রাখেন। বাইরের লোকজন এসে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
দোকানের মালিক সুমন ধর মুক্তকণ্ঠকে বলেন, ‘সাড়ে ৩ ভরি সোনা ছিনতাইয়ের চেষ্টা করেন ওই নারী। তাঁকে আমরা পুলিশের হাতে তুলে দিই।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান মুক্তকণ্ঠকে জানান, ওই নারীর বিরুদ্ধে গতকাল সোমবারও উপজেলার আরেকটি সোনার দোকান থেকে চুরির অভিযোগ পাওয়া গিয়েছে। আজ ক্রেতা সেজে চুরি করতে গিয়ে ধরা পড়েন। তাকে থানাহাজতে রাখা হয়েছে। মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।






