রাজধানীর দক্ষিণ বনশ্রীর এক বাসিন্দা ব্যাংক কর্মকর্তার পরিচয়ে ফোন করে প্রতারিত হয়ে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় লাখ টাকা হারিয়েছেন। ভুক্তভোগী সুধন চন্দ্র বর্মন। তিনি জানিয়েছেন, কাগজপত্র হালনাগাদের নামে ফোনে ব্যক্তিগত তথ্য ও জন্মতারিখ জেনে প্রতারক চক্র এ টাকা স্থানান্তর করেছে।
আজ মঙ্গলবার এ ঘটনায় সুধন চন্দ্র খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি বলেছেন, আজ বেলা ১১টা ৪২ মিনিটের দিকে দক্ষিণ বনশ্রীর বাসায় থাকা অবস্থায় তাঁর মোবাইলে একটি নম্বর থেকে কল আসে। ফোনদাতা নিজেকে ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে হিসাবের কাগজপত্র হালনাগাদের জন্য কিছু তথ্য চেয়েছে। বিশ্বাস করে তিনি নিজের ব্যক্তিগত তথ্য ও জন্মতারিখ দেন। এরপর কিছুক্ষণের মধ্যে তাঁর ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দুটি নম্বরে ‘অ্যাড মানি’র মাধ্যমে মোট ১ লাখ ২৪ হাজার ৯৯৭ টাকা স্থানান্তর হয়।
জিডিতে সুধন চন্দ্র বর্মন আরও জানান, টাকা স্থানান্তরের পর সেই নম্বরে যোগাযোগ করতে গেলে বন্ধ পাওয়া যায়। ব্যাংক কর্মকর্তার দেওয়া আরেকটি নম্বরেও ফোন করলে যোগাযোগ হয়নি।
জিডি দেখভাল করছেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ছানোয়ার হোসেন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, ঘটনাটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। ঘটনার যাচাই করে অর্থ উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে।






