জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ সোমবার প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) পক্ষ থেকে প্রথম দিনের মতো যুক্তিতর্ক তুলে ধরা হয়। আগামীকাল মঙ্গলবারও প্রসিকিউশন পক্ষ যুক্তিতর্ক অব্যাহত রাখবে।

মামলার অন্যান্য আসামি কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। সবাই পলাতক অবস্থায় রয়েছেন।

আদালত ও মামলার বিবরণ অনুসারে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ তিনটি অভিযোগ এই চার আসামির বিরুদ্ধে আনা হয়েছে। তদন্ত সংস্থার প্রতিবেদনে কুষ্টিয়ায় ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশদাতা ও সরাসরি অংশগ্রহণের দায়ে তাঁদের অভিযুক্ত করা হয়েছে।

প্রসিকিউশন পক্ষ জানায়, পলাতক আসামিদের বিরুদ্ধে সংগৃহীত তথ্য-প্রমাণ ও সাক্ষীদের বয়ানের ভিত্তিতে আজ যুক্তি উপস্থাপন করা হয়েছে।