যুক্তরাজ্যের সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টি বড় ধরনের ধাক্কা খেয়েছে, যা দেশের রাজনীতিতে নতুন আলোচনার সূচনা করেছে। মাত্র দুই বছর আগে ভূমিধস বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসা এই দল এখন স্থানীয় পর্যায়ে উল্লেখযোগ্য আসন হারিয়ে চাপের মুখে।

একই সঙ্গে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন ডানপন্থী রিফর্ম ইউকের উত্থান এবং গ্রিন পার্টির শক্তিশালী অবস্থান যুক্তরাজ্যের রাজনীতির দীর্ঘদিনের দ্বিদলীয় সংস্কৃতিকে নতুন বাস্তবতার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ইংল্যান্ডজুড়ে ১৩৬টি স্থানীয় কর্তৃপক্ষের নির্বাচনে লেবার পার্টির বিপুল পরাজয় হয়েছে। লন্ডনসহ বেশিরভাগ কাউন্সিলে তারা আসন হারিয়েছে। বিশেষ করে উত্তর ইংল্যান্ড ও মিডল্যান্ডসের শ্রমজীবী ভোটার অধ্যুষিত এলাকাগুলোয় তাদের ফলাফল খারাপ হয়েছে।

অন্যদিকে রিফর্ম ইউকে কয়েকটি এলাকায় ঐতিহাসিক অগ্রগতি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিবাসন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক স্থবিরতা ও সাংস্কৃতিক পরিচয়–এসব ইস্যুকে কেন্দ্র করে ডানপন্থীদের প্রতি সমর্থন এখন স্পষ্ট হয়ে উঠছে।

২০২২ সালের স্থানীয় নির্বাচনে লেবার পার্টি প্রায় ২ হাজার ২০০–এর বেশি কাউন্সিল আসন জিতেছিল। ২০২৪ সালে দলটি আরও শক্তিশালী হয়ে উঠে এবং বহু কাউন্সিলে রক্ষণশীলদের কাছ থেকে নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয়। কিন্তু সাম্প্রতিক নির্বাচনে সেই ধারাবাহিকতা ভেঙে গেছে। বিভিন্ন কাউন্সিলে লেবার আসন হারিয়েছে, যেখানে রিফর্ম ইউকে ও গ্রিন পার্টি ভোট কেটে নিয়েছে।

কনজারভেটিভ পার্টিও এ নির্বাচনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বহুদিন ধরে প্রচলিত ‘লেবার বনাম কনজারভেটিভ’ দ্বিদলীয় প্রতিযোগিতা এখন ভাঙনের মুখে বলে পর্যবেক্ষকেরা মূল্যায়ন করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর সরাসরি চাপ তৈরি করেছে। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে বিপুল বিজয়ের পর তাঁর নেতৃত্বকে স্থিতিশীল মনে করা হলেও মাত্র দুই বছরের মাথায় এই ধাক্কা দলের অভ্যন্তরে প্রশ্ন তুলেছে। ভেতরে অসন্তোষ বাড়ছে বলে গণমাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং কেউ কেউ প্রকাশ্যে মুখ খুলছেন। ইতিমধ্যে দলটির এমপি ওয়েস্ট ক্যাথরিন প্রধানমন্ত্রী স্টারমারকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে মন্ত্রিসভার সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

কনজারভেটিভ পার্টির ছায়া আবাসনবিষয়ক মন্ত্রী স্যার জেমস ক্লেভারলি বলেন, ‘স্থানীয় নির্বাচনে রিফর্ম ইউকের উত্থান হলেও কনজারভেটিভ পার্টিই এখনো যুক্তরাজ্যের রাজনীতির সবচেয়ে বড় ডানপন্থী রাজনৈতিক দল। রিফর্ম কোনো মধ্য-ডানপন্থী রাজনৈতিক দল নয়, এটি মূলত ব্যক্তিকেন্দ্রিক একটি গোষ্ঠী। নাইজেল ফারাজ নিজে কোনো নীতি নন। শুধু বিভিন্ন বিষয়ে রাগ প্রকাশ করাই রাজনৈতিক নীতি হতে পারে না।’

স্টারমারের সমালোচকেরা বলছেন, তিনি বামপন্থী ঐতিহ্যবাহী লেবার ভোটারদের পুরোপুরি ধরে রাখতে পারেননি। অন্যদিকে মধ্যপন্থী ভোটারদের মধ্যেও আস্থা তৈরি করতে ব্যর্থ হচ্ছেন। গাজা যুদ্ধ, অভিবাসননীতি, করনীতি ও জনসেবা খাতের সংকট নিয়ে তাঁর অবস্থান দলের ভেতরে–বাইরে সমালোচনার জন্ম দিয়েছে।

নাইজেল ফারাজের ডানপন্থী উত্থান যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ব্রেক্সিট আন্দোলনের অন্যতম মুখ এই রাজনীতিক এখন অভিবাসনবিরোধী, জাতীয়তাবাদী ও অ্যান্টি স্টাবলিশমেন্ট রাজনীতিকে সামনে এনে নতুন ভোটব্যাংক গড়ছেন। বিশ্লেষকদের মতে, কনজারভেটিভের ডানপন্থী ভোটের বড় অংশ রিফর্ম ইউকের দিকে সরে যাচ্ছে।

গ্রিন পার্টির উত্থানও গুরুত্বপূর্ণ। তরুণ ভোটার, পরিবেশবাদী ও প্রগতিশীল মধ্যবিত্তদের মধ্যে দলটির জনপ্রিয়তা বাড়ছে। ফলে লেবার দুই দিক থেকে চাপে: ডানদিকে রিফর্ম ইউকে, বামদিকে গ্রিন পার্টি।

বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন যুক্তরাজ্যের বহুজাতিক ও বহুসাংস্কৃতিক রাজনৈতিক বাস্তবতায় প্রভাব ফেলতে পারে। ডানপন্থী জাতীয়তাবাদের উত্থান অভিবাসন ও সংখ্যালঘু ইস্যুকে তীব্র করতে পারে, বিশেষ করে মুসলিম, দক্ষিণ এশীয় ও অভিবাসী কমিউনিটিকে কেন্দ্র করে রাজনৈতিক মেরুকরণ বাড়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে কেউ কেউ মনে করছেন, যুক্তরাজ্যের রাজনীতি এখন বহুদলীয় বাস্তবতার দিকে এগোচ্ছে। লেবার ও কনজারভেটিভ ছাড়াও আঞ্চলিক দল, গ্রিন এবং রিফর্ম ইউকের মতো শক্তিগুলো ভবিষ্যতে ক্ষমতার সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই নির্বাচন সরকার পরিবর্তন না করলেও একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, কারণ মাত্র দুই বছরে ক্ষমতাসীন দলের প্রতি ভোটারদের হতাশা ব্রিটিশ রাজনীতিতে অস্বাভাবিক।