আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি জয়ের সুরে শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। থাইল্যান্ডের ক্লাব কাসেম বুন্ডিতে ২–০ গোলের বিজয় এই দলের।

ব্যাংকোকে দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হয়ে গোল দুটি করেছেন আনিকা রানিয়া সিদ্দিকী ও উমহেলা মারমা। প্রথমার্ধের ১৫ মিনিটেই আনিকার গোলে ১–০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পর দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রেখে ৭৭ মিনিটে উমহেলার গোলে স্কোর দ্বিগুণ হয়।

২৫ মে ভারতের গোয়ায় শুরু হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। টানা তৃতীয়বার শিরোপা জয়ের প্রস্তুতিতে ৭ মে থাইল্যান্ডের ব্যাংকোকে যায় বাংলাদেশ। সেখানে ১৫ দিনের ক্যাম্পের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচের কার্যক্রম। ১৭ মে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ ছিল থাইল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল ব্যাংকক স্পোর্টস স্কুল ক্লাব। থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প শেষ করে ২১ মে ভারতের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ।

এবারের সাফে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত ও মালদ্বীপ। ২৯ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। ৩১ মে গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা।