যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাবে ইরান কী প্রস্তাব দিয়েছে, তা নিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু ইরানের এক নির্ভরযোগ্য সূত্র বার্তা সংস্থা তাসনিম নিউজকে জানিয়েছে, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখযোগ্য ভুল তথ্য রয়েছে।

শান্তিচুক্তির জন্য যুক্তরাষ্ট্র ও ইরান একাধিকবার পাল্টাপাল্টি প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু এখনও একমত হয়নি। এই পরিস্থিতিতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৪ দফার প্রস্তাব পাঠায়। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে ইরান সেই প্রস্তাবের বিপরীতে জবাব দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের উচ্চ মাত্রার ইউরেনিয়ামের কিছু অংশের মাত্রা কমিয়ে আনা এবং অবশিষ্ট অংশ তৃতীয় কোনো দেশে স্থানান্তরের প্রস্তাব দিয়েছে। এই তথ্য রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে।

কিন্তু তাসনিম নিউজের সূত্র বলেছে, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ তথ্য বাস্তবতার সঙ্গে মেলে না। গতকাল রোববার রাতে সেই সূত্র জানায়, পারমাণবিক উপকরণ নিয়ে সংবাদমাধ্যমটির প্রকাশিত তথ্য সঠিক নয়।

ইরানের প্রস্তাবে আসলে কী আছে, তা সেই সূত্র তাসনিম নিউজকে ব্যাখ্যা করেছে। সূত্র বলেছে, প্রস্তাবে যুদ্ধ অবিলম্বে বন্ধ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে নতুন আগ্রাসন না চালানোর নিশ্চয়তাসহ আরও কয়েকটি দাবি রয়েছে। এগুলো একটি রাজনৈতিক সমঝোতা কাঠামোর মধ্য দিয়ে সুরাহা করতে বলা হয়েছে।

প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সব দিক থেকে যুদ্ধের অবসান জরুরি। নির্দিষ্ট শর্ত পূরণ হলে ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনায় ভূমিকা রাখতে পারে। সূত্র আরও বলেছে, প্রাথমিক সমঝোতা চুক্তিতে স্বাক্ষরের পরপরই ইরানের ওপর নৌ অবরোধ তুলে নেওয়া তেহরানের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি।

সূত্র জানায়, ৩০ দিনের সময়সীমার মধ্যে ইরানি তেল বিক্রির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও জোর দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিদেশি সম্পদবিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ওএফএসি। ওই ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের কিছু নির্দিষ্ট পদক্ষেপ বাস্তবায়নের কথাও বলা হয়েছে। এছাড়া প্রাথমিক সমঝোতা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করার ওপরও জোর দেওয়া হয়েছে।