যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গত টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক নিযুক্ত হয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম অলি উল্যাকে।
কমিটির অন্য সদস্যরা হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত একটি নোটিশে কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র মুক্তকণ্ঠকে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছে।
এ বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল সেই টি-টুয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তা ঝুঁকির কারণে বিসিবি আইসিসির কাছে টুর্নামেন্টের বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের আবেদন জানায়। কিন্তু আইসিসি সেই অনুরোধ পূরণ না করায় বিগত অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বিসিবি টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও বলেন, "নিরাপত্তার কথা ভেবে এটা ছিল সরকারের সিদ্ধান্ত।"
এর আগে কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়। এরপর সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলামের বোর্ড ভারতে বাংলাদেশের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বিশ্বকাপ কভারেজে যাওয়া সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে, যদিও আইসিসি তা বিবেচনা করে না।
গত মার্চে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এই ঘটনা তদন্তের কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক। এবার সেই তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠিত হয়েছে।






