লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় দেশটিতে ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন চিকিৎসাকর্মীও ছিলেন।

গতকাল রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় বলে, ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের নীতিমালা লঙ্ঘন করে চলেছে। তারা চিকিৎসাকর্মীদের বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে। ইসরায়েল লেবাননের বেন্ত জবেইল জেলার কালাউইয়া ও তিবনিনে দুটি চিকিৎসাকেন্দ্রে দুই দফায় সরাসরি হামলা চালিয়েছে।

যদিও গত ১৬ এপ্রিল থেকে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষের পক্ষ থেকে এই যুদ্ধবিরতি ঘোষণা করেন। তবু যুদ্ধবিরতির মধ্যে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে একাধিকবার অস্ত্র তুলেছে।

গত ২ মার্চ ইসরায়েলি বাহিনী লেবাননে নতুন করে সামরিক অভিযান শুরু করে। তারপর থেকে ইসরায়েলের হামলায় লেবাননে ২ হাজার ৮৪৬ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

জাতিসংঘের বক্তব্য, নতুন সামরিক অভিযান শুরুর পর থেকে ১৩০টির বেশি ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ১০৩ জন চিকিৎসাকর্মী নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন।